Murder case

জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাগ্নেকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার মামা

গুরুতর আহত সানারুল শেখ চিকিৎসাধীন অবস্থায় ২৩ জুন মারা যান। ঘটনায় অভিযুক্ত হারু শেখকে গ্রেফতার করেছে পুলিশ এবং তদন্ত শুরু হয়েছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ
  • শেষ আপডেট: ২৫ জুন ২০২৬ ১১:০৬

জমি নিয়ে দীর্ঘদিনের পারিবারিক বিবাদের জেরে বিপত্তি। সালিশি বৈঠকের মধ্যেই ভাগ্নেকে মারধর করে খুনের অভিযোগ উঠেছে মামার বিরুদ্ধে। ঘটনায় অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে। মুর্শিদাবাদের নবগ্রাম থানার অন্তর্গত দামরুল গ্রামে ঘটনাটি ঘটেছে। পাশাপাশি বৈঠকে উপস্থিত থাকা আরও চারজনের বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত সানারুল শেখ দামরুল গ্রামের বাসিন্দা। তাঁর সঙ্গে মামার জমি নিয়ে বিরোধ চলছিল। মামার নাম হারু শেখ। সেই সমস্যা মেটাতে গত ২০ জুন সন্ধ্যায় গ্রামে একটি সালিশি সভার আয়োজন করা হয়। বৈঠকে গ্রামের কয়েকজন বাসিন্দা- সহ হারু শেখ ও সানারুল শেখ উপস্থিত ছিলেন।

অভিযোগ, আলোচনার এক পর্যায়ে দু’জনের মধ্যে বচসা শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। হারু শেখ গাছের ডাল দিয়ে সানারুলকে মারধর করেন বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় সানারুল ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। এরপর তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরে তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেও অবস্থার উন্নতি না হওয়ায় কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর গত ২৩ জুন সানারুলের মৃত্যু হয়। ময়নাতদন্তের পর বুধবার তাঁর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

ঘটনার পর নবগ্রাম থানায় মৃতের পরিবার হারু শেখের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। সানারুলের মৃত্যুর পর পুলিশ অভিযুক্ত মামাকে গ্রেফতার করে। তাঁকে হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


Share