Brown Sugar Bust

মালদহ এবং মণিপুর পুলিশের যৌথ অভিযান, দু’মাসে ৮০ কেজি ব্রাউন সুগার উদ্ধার

শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচকের একটি আমবাগানে অভিযান চালায় কালিয়াচক ও মোথাবাড়ি থানার যৌথ পুলিশ দল। অভিযোগ, মণিপুর থেকে আনা উপকরণ ব্যবহার করে সেখানে ব্রাউন সুগার তৈরি করছিল কায়ুম শেখ।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, মালদহ
  • শেষ আপডেট: ০১ মার্চ ২০২৬ ০৮:১৭

গত দু’মাসে মালদহ জেলায় প্রায় ৮০ কেজি ব্রাউন সুগার উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ৪০ জনকে। তদন্তে উঠে এসেছে, মাদক তৈরির কাঁচামাল চোরাপথে মণিপুর থেকে আনা হচ্ছিল। শুধু তাই নয়, মণিপুরের মাদক কারবারীদের একাংশ মালদহে এসে ব্রাউন সুগার তৈরির প্রশিক্ষণও দিত বলে পুলিশের দাবি। অভিযানে মণিপুরের কয়েক জন ধরা পড়লেও অনেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তাদের ধরতে এবার নিজেদের অভিযান কৌশল মণিপুর পুলিশের সঙ্গে ভাগ করে নিল মালদহ জেলা পুলিশ। পুলিশের আশা, এই সমন্বিত পদক্ষেপে মণিপুরেও মাদক চক্রের দৌরাত্ম্য রোখা সম্ভব হবে।

জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, 'কয়েক মাস ধরে জেলা পুলিশ লাগাতার মাদক তৈরির আঁতুড় ঘর হিসেবে পরিচিত কালিয়াচকের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে। সেই অভিযানের ফলে মাদক কারবারীরা বিভিন্ন পকেটে ব্যবসা শুরু করেছে। সেই খবরও আমাদের কাছে রয়েছে। মালদা পুলিশের অভিযানের যে রণকৌশল, তা হাতেকলমে মণিপুর পুলিশকে দেখিয়ে সহযোগিতার করা হয়েছে।'

শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচকের একটি আমবাগানে অভিযান চালায় কালিয়াচক ও মোথাবাড়ি থানার যৌথ পুলিশ দল। অভিযোগ, মণিপুর থেকে আনা উপকরণ ব্যবহার করে সেখানে ব্রাউন সুগার তৈরি করছিল কায়ুম শেখ। লোকচক্ষুর আড়ালে ব্যাটারি চালিত আলো ব্যবহার করে চলছিল উৎপাদন। গভীর রাতে তাকে গ্রেফতার করা হয় এবং উদ্ধার হয় প্রায় চার কিলোগ্রাম ব্রাউন সুগার, যার বাজারমূল্য কয়েক কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ।

জেলা পুলিশের এক আধিকারিকের মতে, শক্তিশালী সোর্স নেটওয়ার্ক গড়ে তোলাই মাদক চক্র ভাঙার প্রথম ধাপ। পাশাপাশি আরও কয়েকটি বিশেষ কৌশল মণিপুর থেকে আসা পুলিশ দলের সঙ্গে ভাগ করে নেওয়া হয়েছে। পুলিশের বিশ্বাস, একই ধাঁচে অভিযান চালানো গেলে দুই রাজ্যেই মাদক ব্যবসার বিরুদ্ধে বড় সাফল্য মিলতে পারে।


Share