Recovery of Cough Syrup

মালদহে মাদক পাচারের ছক বানচাল, বাখরপুরের গোডাউন থেকে ১৪ হাজার বোতল কাশির সিরাপ উদ্ধার, গ্রেফতার দুই

সেখান থেকেই দু’জনকে আটক করা হয়। পাশাপাশি গোডাউন থেকে ৯০ পেটি নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, বাজেয়াপ্ত ওই ৯০ পেটি থেকে মোট ১৪ হাজার ৭০ বোতল কাফ সিরাপ উদ্ধার হয়েছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, মালদহ
  • শেষ আপডেট: ২১ মে ২০২৬ ১১:২৩

মালদহের কালিয়াচকে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম এনায়েতুল্লাহ (২৪) এবং কামরুজ্জামান (২৬)। দু’জনেরই বাড়ি কালিয়াচক থানার বাখরপুর ঝাবরা মণ্ডলপাড়ায়।

বৃহস্পতিবার ভোররাতে গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ বাখরপুর এলাকার একটি গোডাউনে অভিযান চালায়। সেখান থেকেই দু’জনকে আটক করা হয়। পাশাপাশি গোডাউন থেকে ৯০ পেটি নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, বাজেয়াপ্ত ওই ৯০ পেটি থেকে মোট ১৪ হাজার ৭০ বোতল কাশির সিরাপ উদ্ধার হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ লক্ষ টাকা।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ধৃতরা দীর্ঘদিন ধরেই নিষিদ্ধ কাশির সিরাপের পাচারের সঙ্গে যুক্ত। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। বৃহস্পতিবার ধৃতদের মালদহ জেলা আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে তাদের ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে পুলিশ।

মালদহের কালিয়াচক পাচারের রুট হিসেবে ব্যবহৃত হয়। পুলিশের অনুমান, এই কাশির সিরাপ বাংলাদেশে পাচার করার জন্য মজুত করা হয়েছিল।


Share