Drowning

শৌচকর্মে গিয়ে বিপত্তি, ইন্দাসে নদীর জলে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের, তদন্তে পুলিশ

অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যা প্রায় ৬টা নাগাদ নদী থেকে দুই শিশুর দেহ উদ্ধার হয়।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া
  • শেষ আপডেট: ২০ মে ২০২৬ ১২:৪৩

নদীর জলে তলিয়ে মৃত্যু হল দুই খুদে ভাইয়ের। মঙ্গলবার দুপুরে বাঁকুড়ার ইন্দাসে জাগলদ্বীপ গ্রামে ঘটনাটি ঘটেছে। মৃত দুই শিশুর নাম শুভজিৎ রুইদাস (৬) ও সৌমেন রুইদাস (৪)।

পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর প্রায় আড়াইটে নাগাদ দুই ভাই বাড়ি থেকে বেরিয়েছিল। শৌচকর্মের জন্য দ্বারকেশ্বর নদীর দিকে গিয়েছিল বলেই পরিবারের অনুমান। কিন্তু দীর্ঘক্ষণ কেটে যায়। তারপরও তারা বাড়ি ফেরেনি। ফলে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। এরপর স্থানীয় বাসিন্দাদের সাহায্যে খোঁজাখুঁজি শুরু হয়।

অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যা প্রায় ৬টা নাগাদ নদী থেকে দুই শিশুর দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ইন্দাস থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। স্থানীয়দের সহযোগিতায় দেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।

পুলিশ সূত্রে খবর, বুধবার মৃতদেহ দু’টি ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর হাসপাতালের মর্গে পাঠানো হবে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, নদীর জলে নেমে ভারসাম্য হারিয়েই তলিয়ে যায় দুই ভাই। তবে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। একসঙ্গে দুই শিশুর অকালমৃত্যুতে ভেঙে পড়েছে পরিবার। গ্রামজুড়েও নেমে এসেছে গভীর শোক।


Share