বারুইপুরে ফুটবল খেলা নিয়ে অশান্তি, কিশোরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন, গ্রেফতার দু’জন

মৃত কিশোরের নাম প্রসেনজিৎ বিশ্বাস (১৭)। স্থানীয়দের দাবি, সোমবার সন্ধ্যায় সীতাকুণ্ডের মাঠে একটি ফুটবল ম্যাচ চলছিল। স্থানীয়েরাই দু’টি দলে খেলছিল। দু’জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান প্রেসিডেন্সি রেঞ্জের আইজি।

বারুইপুর হাসপাতালে বিক্ষোভ।
নিজস্ব সংবাদদাতা, বারুইপুর
  • শেষ আপডেট: ০৭ জুলাই ২০২৬ ০২:১৩

আবার বারুইপুর! এ বার ফুটবল খেলাকে কেন্দ্র করে ঝড়ল রক্ত। ম‍্যাচ জেতার মাশুল দিল এক কিশোরকে। অভিযোগ, সেখানে এক কিশোরকে কুপিয়ে খুন করা হয়েছে। ঘটনায় পরে বারুইপুর হাসপাতালে উত্তেজনা ছড়ায়। বিক্ষোভ হটাতে পুলিশ মৃদু লাঠিচার্জ করে। ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। প্রেসিডেন্সি রেঞ্জের আইজির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছোয়।

জানা গিয়েছে, মৃত কিশোরের নাম প্রসেনজিৎ বিশ্বাস (১৭)। স্থানীয়দের দাবি, সোমবার সন্ধ্যায় সীতাকুণ্ডের মাঠে একটি ফুটবল ম্যাচ চলছিল। স্থানীয়েরাই দু’টি দলে খেলছিল। প্রসেনজিতের দল ম‍্যাচটি জিতে যায়। এর পরে বাড়ি ফেরার পথে বিপক্ষ দলের তিন জনের সঙ্গে রাস্তায় বচসা বাধে। সেখানেই প্রসেনজিতকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ মারতে থাকে। 

রক্তাক্ত অবস্থায় প্রসেনজিতকে বারুইপুর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এর পরেই এলাকায় উত্তেজনা ছড়ায়। ধরা পড়া থেকে বাঁচতে তিন অভিযুক্ত হাসপাতালে থাকা পুলিশের কিয়স্কে আশ্রয় নেয়। বিক্ষুব্ধ জনতার দাবি জানায়, অভিযুক্তদের তাঁদের হাতে তুলে দিতে হবে। বারুইপুর রাজ‍্য সড়ক অবরোধ করে স্থানীয়েরা। বিক্ষোভ হটাতে পুলিশ মৃদু লাঠিচার্জ করে বলেও অভিযোগ উঠেছে। এমনকী, নিহতের বাবাকেও পুলিশ লাঠি দিয়ে পিটিয়েছে হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

ঘটনাস্থলে পৌঁছোয় প্রেসিডেন্সি রেঞ্জের আইজি কঙ্করপ্রসাদ বারুই। তিনি বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। তিনি বিক্ষোভকারীদের জানান, ঘটনার পরেই দু’জনকে গ্রেফতার করা হয়। বাকি যাঁরা এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছেন তাঁদেরও গ্রেফতার করা হবে। পুলিশের দু’টি দল এলাকায় তল্লাশি চালাচ্ছে। এই ঘটনার নেপথ্যে আসল কারণ কী তা খতিয়ে দেখছে পুলিশ। 

উল্লেখ্য, রবিবার সকালে সূর্যপুর এলাকার এক পুকুর থেকে কিশোরীর বস্তাবন্দি দেহ উদ্ধার হয়। সেই ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার বিক্ষোভের মাঝে পড়ে এক যুবককে গণপিটুনি দিয়ে হত‍্যাও করা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই গণধর্ষণ, খুন, অপরাধমূলক ষড়যন্ত্রের বিভিন্ন ধারায় মামলা রুজু করেছে।


Share