Mysterious Death

হলদিয়ায় ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু, হস্টেল থেকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে যেতেই মৃত্যু ২০ বছরের আদিত্যের

বিষয়টি নজরে আসার পর সহপাঠীরা তাঁকে উদ্ধার করে হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছনোর পর চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, হলদিয়া
  • শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪০

হলদিয়ায় ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু। মৃতের নাম আদিত্য রায় (২০)। তিনি হলদিয়ার একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। বৃহস্পতিবার রাতে অসুস্থ অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

পুলিশ ও কলেজ সূত্রে জানা গিয়েছে, আদিত্যর বাড়ি বিহারের পাটনায়। চলতি বছরেই হলদিয়ার তিনি ওই ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়েছিলেন। আদিত্য কলেজের হস্টেলেই থাকতেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি নজরে আসার পর সহপাঠীরা তাঁকে উদ্ধার করে হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছোনোর পর চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

তরুণ পড়ুয়ার আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই কলেজ ও হস্টেল চত্বরে চাঞ্চল্য তৈরি হয়। কী কারণে তাঁর মৃত্যু হল, তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। মৃত্যুর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

হলদিয়া মহকুমার অতিরিক্ত পুলিশ সুপার বিবেককুমার ভার্মা জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করে বলা সম্ভব নয়। তাঁর কথায়, ‘ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনার তদন্ত চলছে। পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।’


Share