Road Accident

দ্রুতগতির বাসের ধাক্কা, কাঁথির জাতীয় সড়কে দুই বাইক আরোহীর মৃত্যু

বৃহস্পতিবার বিকেলে দ্রুতগতির কাঁথিগামী বাসের ধাক্কায় তাঁরা ঘটনাস্থলেই প্রাণ হারান। পুলিশ দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। ঘাতক বাসটি আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদাতা, কাঁথি
  • শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:৩৬

দীঘাগামী ১১৬বি জাতীয় সড়কে পথদুর্ঘটনায় দুই যুবক প্রাণ হারালেন। বৃহস্পতিবার বিকেল প্রায় চারটে নাগাদ পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থানার শ্রীকৃষ্ণপুর এলাকায় ঘটনাটি ঘটে। বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় বাইক আরোহী দুই যুবকের মৃত্যু হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম আদিত্য পড়াল (২৩) এবং দীপ মণ্ডল (২১)। তাঁদের বাড়ি হাওড়ার দাশনগর থানা এলাকায়। এ দিন বিকেলে তাঁরা একটি বাইকে করে দীঘা দিক থেকে কোলাঘাটের দিকে যাচ্ছিলেন। শ্রীকৃষ্ণপুরের কাছে কাঁথিগামী একটি বাসের সঙ্গে তাঁদের বাইকের সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাসটি দ্রুতগতিতে এসে ধাক্কা মারে। সংঘর্ষের জেরে বাইক-সহ দুই আরোহী বাসের নীচে চলে যান। ধাক্কার তীব্রতায় ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। দুর্ঘটনায় একজনের দেহ গুরুতরভাবে ক্ষতবিক্ষত হয়ে যায়। খবর পেয়ে চণ্ডীপুর থানার টহলরত পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয়। দেহ দুটি উদ্ধার করে এড়াশাল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ময়নাতদন্তের জন্য দেহ পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

দুর্ঘটনার পর জাতীয় সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। রাস্তার উপর স্থানীয় বাসিন্দাদের ভিড় জমে যায়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তারপর প্রায় এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক করে। পুলিশ আরও জানিয়েছে, মৃতদের একজনের পকেট থেকে ছিটকে পড়া মোবাইল ফোন উদ্ধার করা হয়। সেই ফোন থেকেই পরিবারের সঙ্গে যোগাযোগ করে দুর্ঘটনার খবর দেওয়া হয়। দুর্ঘটনাগ্রস্ত বাসটি আটক করা হয়েছে। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে চণ্ডীপুর থানার পুলিশ।


Share