Murder Case

নিউ টাউনে বস্তাবন্দি যুবকের দেহ উদ্ধার, খুনের অভিযোগে গ্রেফতার এক, তিন জনকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ

টাউনে যুবক সৌরভ বিশ্বাসের থেঁতলানো বস্তাবন্দি দেহ উদ্ধারের ঘটনায় চার বন্ধুকে আটক করেছে পুলিশ। আদর্শপল্লি এলাকা থেকে এক বন্ধুকে আটক করার পর স্থানীয়দের একাংশ তাঁকে মারধর করে বলে অভিযোগ।

মৃতের নাম সৌরভ বিশ্বাস।
নিজস্ব সংবাদদাতা, নিউটাউন
  • শেষ আপডেট: ২২ আগস্ট ২০২৬ ০৮:১৭

নিউ টাউনে যুবক সৌরভ বিশ্বাসের থেঁতলানো বস্তাবন্দি দেহ উদ্ধারের ঘটনায় এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম বিশ্বজিৎ বিশ্বাস। আরও তিন জনকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। বিশ্বজিৎ মৃতের বন্ধু বলে জানা গিয়েছে। রবিবার দুপুরে ধৃতকে বারাসত আদালতে হাজির করানো হবে।

শনিবার সকালে স্বামীজি নগর এলাকায় বস্তাবন্দি অবস্থায় সৌরভের দেহ উদ্ধার হয়। মুখ ভারী কোনও বস্তু দিয়ে থেঁতলে দেওয়ার কারণে প্রথমে দেহটি শনাক্ত করা সম্ভব হয়নি। পরে তদন্তে নেমে মৃতের পরিচয় জানতে পারে ইকো পার্ক থানার পুলিশ। এরপর তদন্তকারীরা সৌরভের পরিচিতদের বিষয়ে খোঁজখবর শুরু করেন। নিউ টাউনের আদর্শপল্লি এলাকা থেকে তাঁর এক ঘনিষ্ঠ বন্ধুকে আটক করা হয়। ওই যুবককে পুলিশ নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের একাংশ ক্ষোভে ফেটে পড়েন। খুনের ঘটনায় তাঁর জড়িত থাকার সন্দেহে তাঁকে ঘিরে ধরে মারধর করা হয় বলে অভিযোগ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ কোনও রকমে ওই যুবককে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পাশাপাশি সৌরভের আরও তিন বন্ধুকেও আটক করা হয়েছে।

পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, ভারী কোনও ভোঁতা বস্তু দিয়ে সৌরভের মুখে আঘাত করা হয়েছিল। সেই আঘাতেই তাঁর মৃত্যু হয়েছে কি না, তা এখনও নিশ্চিত নয়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছেন বিধাননগর পুলিশের এক কর্তা।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, মৃত সৌরভ এবং ধৃত বিশ্বজিৎ দু’জনেই নিয়মিত মাদক সেবন করত। সেই নেশার ঠেকে দু’জনের মধ্যে কিছু হয়েছে নাকি কোনও পুরনো বিবাদ বা শত্রুতা রয়েছে, তা জানতে রবিবার আদালতের কাছে ধৃতকে হেফাজতে নিতে আবেদন জানানো হবে।


Share