Love Jihad

নেপথ‍্যে ‘লাভ জিহাদ’! প্রেমের সম্পর্ক ঘিরে নাবালিকার মৃত্যু, বনগাঁয় উত্তেজনা, ভাঙচুর ও পুলিশের ওপর হামলা

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গেলে তাদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। ঘটনায় দুই আধিকারিক-সহ সাতজন পুলিশকর্মী আহত হয়েছেন। পুলিশ কয়েক জনকে আটক করেছে এবং এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, বনগাঁ
  • শেষ আপডেট: ১০ জুলাই ২০২৬ ০১:৪৫

উত্তর ২৪ পরগনার বনগাঁ মহকুমার গোপীনাথপুর এলাকায় এক নাবালিকার মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তেজনার সৃষ্টি হয়। প্রতিবাদ মিছিল ঘিরে একাধিক বাড়ি ও দোকানে ভাঙচুরের অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। তাঁদের উপরও হামলা চালানো হয় বলে অভিযোগ। এই ঘটনায় দুই পুলিশ আধিকারিক-সহ মোট সাতজন পুলিশকর্মী আহত হয়েছেন। পুলিশ কয়েক জনকে আটক করেছে। বর্তমানে এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে এবং টহলদারি চলছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েক দিন আগে গোপালনগর থানা এলাকার এক অষ্টম শ্রেণির ছাত্রীর দেহ উদ্ধার হয়। ঘটনার পর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে আজমির মন্ডল ওরফে নুর আজমির নামে যুবককে গ্রেফতার করা হয়েছে। মৃত ছাত্রীর পরিবারের দাবি, ওই যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক নাবালিকাকে মানসিক চাপে ফেলেছিল। পরে সম্পর্ক থেকে সরে আসতে চাইলে তাকে ভয় দেখানো ও হুমকি দেওয়া হয়। এর জেরেই নাবালিকা আত্মহত্যার পথ বেছে নেয় বলে অভিযোগ। এই অভিযোগের ভিত্তিতে গোপালনগর থানায় মামলা দায়ের হলে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। অভিযুক্ত আজমির মন্ডলকে জেল হেফাজতে পাঠিয়েছে বিচারক।

এই ঘটনার পর থেকেই এলাকার কয়েকটি বিশ্ব হিন্দু পরিষদ 'লাভ জিহাদ'-এর অভিযোগ তুলে প্রতিবাদ শুরু করে। সেই সূত্রেই বৃহস্পতিবার সনাতনী ঐক্য মঞ্চের উদ্যোগে গোপীনাথপুর এলাকায় নাবালিকার স্মরণসভা ও প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়।

অভিযোগ, মিছিল চলাকালীন কয়েকশো মানুষ লাঠিসোঁটা নিয়ে এলাকায় তাণ্ডব চালায়। তিনটি বাড়ি এবং তিনটি দোকানে ব্যাপক ভাঙচুর করা হয় বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। তখন বিক্ষুব্ধ জনতার একাংশ পুলিশের ওপর হামলা চালায়। এতে সাতজন পুলিশকর্মী আহত হন।

পুলিশ জানিয়েছে, সরকারি কাজে বাধা, ভাঙচুর এবং পুলিশের উপর হামলার ঘটনায় কয়েক জনকে আটক করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।

এ দিকে বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদারের বক্তব্য, ‘লাভ জেহাদের’ অভিযোগের প্রতিবাদে বহু মানুষ একত্রিত হয়েছিলেন বলে তিনি জানতে পেরেছেন। তবে কোনও অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত নয়। তাঁর কথায়, অভিযোগ থাকলে তা পুলিশের কাছে জানাতে হবে। আইনের পথেই ব্যবস্থা হওয়া প্রয়োজন। একই সঙ্গে পুলিশকর্মীদের ওপর হামলার ঘটনাকেও তিনি অনভিপ্রেত বলে মন্তব্য করেন।


Share