Accident

রাতের বৃষ্টিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির বাড়ি, ঘুমের মধ্যেই মৃত্যু বাবা-মেয়ের, গুরুতর জখম দু’জন

ঘুমন্ত অবস্থায় দেওয়ালের নিচে চাপা পড়ে মৃত্যু হল বাবা ও মেয়ের। গুরুতর আহত পরিবারের আরও দুই সদস্য। রবিবার গভীর রাতে পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার জাহালদায় ঘটনাটি ঘটেছে।

বৃষ্টিতে ভেঙে পড়ল মাটির দেওয়াল।
নিজস্ব সংবাদদাতা
পশ্চিম মেদিনীপুর
  • শেষ আপডেট: ৩১ আগস্ট ২০২৬ ০৪:৫১

রাতের ঘুমেই বিভীষিকা। বৃষ্টির মধ্যেই হঠাৎ ভেঙে পড়ল মাটির বাড়ি। ঘুমন্ত অবস্থায় বাড়ির দেওয়ালের নিচে চাপা পড়ে মৃত্যু হল বাবা ও মেয়ের। ঘটনায় পরিবারের আরও দুই সদস্য গুরুতর আহত হয়েছেন। রবিবার গভীর রাতে পশ্চিম মেদিনীপুরের দাঁতন বিধানসভার বেলদা থানার অন্তর্গত জাহালদা এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। বাবা ও মেয়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই জাহালদা এলাকায় লাগাতার বৃষ্টি হচ্ছে। বৃষ্টির জেরে নিরঞ্জন প্রধানের মাটির বাড়িটির দেওয়াল ক্রমশ দুর্বল হয়ে পড়েছিল। বাড়িটি নিয়ে স্থানীয়দের আশঙ্কাও তৈরি হয়েছিল। তবে রবিবার রাতে যে এমন ঘটনা ঘটবে, তা কেউ ভাবতে পারেননি।

রবিবার রাতে খাওয়াদাওয়া সেরে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েছিলেন। রাত বাড়তেই শুরু হয় বৃষ্টি। আচমকাই বিকট শব্দে মাটির বাড়িটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই ঘরের ভিতরে থাকা পরিবারের সদস্যরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। বাড়ি ভেঙে পড়ার শব্দ শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। তড়িঘড়ি উদ্ধারকাজ শুরু হয়।

স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় ধ্বংসস্তূপ সরিয়ে পরিবারের সদস্যদের উদ্ধার করা হয়। কিন্তু ততক্ষণে নিরঞ্জন প্রধান এবং তাঁর মেয়ে দুর্গা প্রধানের মৃত্যু হয়েছে। ঘটনায় নিরঞ্জনবাবুর স্ত্রী ও ছেলে গুরুতর আহত হন। তাঁদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাঁদের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।

ঘটনার খবর পেয়ে বেলদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। কীভাবে বাড়িটি ভেঙে পড়ল, বৃষ্টির জেরে মাটির বাড়িটির কাঠামো কতটা দুর্বল হয়ে পড়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

একদিকে টানা বৃষ্টি, অন্য দিকে মাটির বাড়ি ভেঙে একই পরিবারের দুই সদস্যের মৃত্যু—এই ঘটনায় জাহালদা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।


Share