Murder Case

দোকানের মালিকানা নিয়ে বিবাদ, মগরাহাটে ব্যবসায়ী খুন, গ্রেফতার প্রতিবেশী যুবক

দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে দোকানের মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এক ব্যবসায়ীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে প্রতিবেশী যুবকের বিরুদ্ধে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনা
  • শেষ আপডেট: ২৫ জুন ২০২৬ ১১:১২

দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে প্রকাশ্য দিবালোকে এক ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার দুপুরে হরিশঙ্করপুর এলাকার ভরত ঘোষ মোড় সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্ত প্রতিবেশী যুবককে গ্রেফতার করেছে।

মৃত ব্যবসায়ীর নাম আশাব্রত সর্দার (৪৩)। তিনি ভরত ঘোষ মোড়ের কাছে একটি ইমারতি সামগ্রীর দোকান চালাতেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দোকানের মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশী মেঘনাদ সর্দারের সঙ্গে তাঁর আইনি বিবাদ চলছিল। পরিবারের দাবি, সম্প্রতি সেই মামলায় আশাব্রত সর্দারের পক্ষে রায় আসে।

অভিযোগ, বুধবার দুপুরে আচমকা ধারালো অস্ত্র হাতে মেঘনাদ আশাব্রতের দোকানে ঢুকে পড়ে। এরপর তাঁর উপর এলোপাথাড়ি হামলা চালানো হয়। গুরুতর জখম অবস্থায় দোকানের মধ্যেই তিনি লুটিয়ে পড়েন। স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে পৌঁছোলে অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যায়।

রক্তাক্ত অবস্থায় আশাব্রতকে উদ্ধার করে মগরাহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরে পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠায়।

পরিবারের অভিযোগ, আইনি মামলায় পরাজয়ের ক্ষোভ থেকেই পরিকল্পিতভাবে এই খুন করা হয়েছে। মৃতের আত্মীয়া কবিতা মণ্ডল বলেন, এমন নৃশংস ঘটনার কথা তাঁরা কল্পনাও করতে পারেননি। তিনি অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা বিকেলে মগরাহাট-বারাসত রোড অবরোধ করে বিক্ষোভ দেখান। অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের দাবিতে এলাকায় উত্তেজনা ছড়ায়। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।

পুলিশ সূত্রে খবর, বুধবার সন্ধ্যায় এলাকার একটি মাঠ দিয়ে পালানোর সময় মেঘনাদ সর্দারকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে খুন-সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার ধৃতকে ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তোলা হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।


Share