Mysterious Death

ঘরের দরজা ভেঙে উদ্ধার দম্পতির ঝুলন্ত দেহ, দেড় বছর আগে প্রেম করে বিয়ে, মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা

শনিবার সকাল গড়িয়ে দুপুর হয়ে গেলেও ঘরের দরজা খোলেননি দু’জনে। পরিবারের সদস্য এবং প্রতিবেশীরা ডাকাডাকি করেও কোনও সাড়াশব্দ পাননি।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, দত্তপুকুর
  • শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৪৩

ঘরের দরজা ভেঙে উদ্ধার হল দম্পতির ঝুলন্ত দেহ। শনিবার দুপুরে উত্তর ২৪ পরগনার দত্তপুকুর থানার নিবাদুই চড়কপাড়া এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। মৃতদের নাম প্রসেন দাস (২৭) এবং গীতশ্রী পাল দাস (২৩)। পুলিশ সূত্রে খবর, প্রাথমিক ভাবে ঘটনাটি আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে। তবে কেন তাঁরা এই চরম সিদ্ধান্ত নিলেন, তা এখনও স্পষ্ট নয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় দেড় বছর আগে প্রেম করে বিয়ে করেছিলেন প্রসেন ও গীতশ্রী। বিয়ের পর দত্তপুকুরেই সংসার করছিলেন তাঁরা। প্রসেন পেশায় গাড়িচালক ছিলেন। গীতশ্রীর বাপের বাড়ি হুগলির উত্তরপাড়া থানা এলাকায়। প্রসেনের পরিবারের দাবি, দম্পতির মধ্যে কোনও দাম্পত্য কলহ ছিল না। পারিবারিক অশান্তিও ছিল না। বিয়ের সময় প্রথম দিকে পরিবারের আপত্তি থাকলেও পরে গীতশ্রীকে মেনে নিয়েছিলেন সকলে।

শনিবার সকাল গড়িয়ে দুপুর হয়ে গেলেও ঘরের দরজা খোলেননি দু’জনে। পরিবারের সদস্য এবং প্রতিবেশীরা ডাকাডাকি করেও কোনও সাড়াশব্দ পাননি। দু’জনের মোবাইলে ফোন করেও সাড়া মেলেনি। এরপর সন্দেহ হওয়ায় ঘরের দরজায় ধাক্কাধাক্কি করা হয়। তাতেও কোনও সাড়া না মেলায় শেষ পর্যন্ত দরজা ভেঙে ঘরে ঢোকেন পরিবারের সদস্য এবং প্রতিবেশীরা। ভিতরে ঢুকেই তাঁরা দু’জনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দত্তপুকুর থানার পুলিশ। দম্পতির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বারাসত মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।

অন্য দিকে, গীতশ্রীর বাপের বাড়ির তরফে তাঁর শ্বশুরবাড়িতে পারিবারিক অশান্তি এবং দম্পতির উপর চাপ তৈরির অভিযোগ করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেও তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও প্রসেনের পরিবারের তরফে কোনও পারিবারিক অশান্তির কথা অস্বীকার করা হয়েছে। ফলে ঠিক কী কারণে দম্পতির মৃত্যু, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের অগ্রগতির পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।


Share