Baranagar Assault Arrest

বরাহনগরে ব্যবসায়ীকে বাড়ি থেকে তুলে নিয়ে মারধর! তৃণমূল ছাত্র পরিষদ নেতা-সহ গ্রেফতার পাঁচ জন

ঘটনায় অভিযোগের আঙুল ওঠে তৃণমূলের শ্রমিক নেতা শঙ্কর রাউতের ঘনিষ্ঠদের বিরুদ্ধে। এই মামলায় মূল অভিযুক্ত হিসেবে নাম উঠে আসে তৃণমূল ছাত্র পরিষদের নেতা অর্পণ দত্তের। শনিবার রাতে ডানকুনি থেকে তাঁকে গ্রেফতার করে বরাহনগর থানার পুলিশ।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, বরাহনগর
  • শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫৪

বরাহনগরের দেশবন্ধু রোডে কয়েক দিন আগে ব্যবসায়ী সুদীপ্ত ঘোষকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ ওঠে তৃণমূল নেতা শঙ্কর রাউত-সহ কয়েক জনের বিরুদ্ধে। এই মামলায় মূল অভিযুক্ত হিসেবে নাম উঠে আসে তৃণমূল ছাত্র পরিষদের নেতা অর্পণ দত্তের। শনিবার রাতে বরাহনগর থানার পুলিশ অভিযুক্তকে ডানকুনি থেকে তাঁকে গ্রেফতার করে।

অর্পণ বরাহনগর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি। পুলিশ সূত্রের খবর, অর্পণ-সহ মোট পাঁচ জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে।

পেশায় ইন্টিরিয়র ডিজাইনার সুদীপ্ত ঘোষ সম্প্রতি বারাসতের ময়না এলাকার একটি আবাসনের বাসিন্দা স্নেহাশিস চট্টোপাধ্যায়ের ফ্ল্যাটে কাজ পান। অভিযোগ, কাজ শেষ হলেও পারিশ্রমিক মেলেনি। বরং টাকা চাইতে গেলে তৃণমূল শ্রমিক নেতা শঙ্কর রাউতের তরফে হুমকি দেওয়া হয় বলে দাবি তাঁর।

ব্যবসায়ীর অভিযোগ, কয়েক দিন আগে অর্পণ ও তার সঙ্গীরা বরাহনগরের তাঁর বাড়িতে এসে তাঁকে টেনেহিঁচড়ে বের করে একটি টোটোতে তুলে বরাহনগর যুবক সংঘ ক্লাবে নিয়ে যায়। সেখানেও মারধর করা হয়। সুদীপ্তের কাছ থেকে এক লক্ষ টাকা দাবি করা হয় বলে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বিজেপি নেতা সজল ঘোষ ঘটনার সিসিটিভি ফুটেজ সমাজমাধ্যমে প্রকাশ করেন। পুলিশ জানিয়েছে, ফুটেজে দেখা যাওয়া প্রত্যেককেই গ্রেফতার করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত চলছে।


Share