Drowning

ক্যানিংয়ে পুকুরে ডুবে একইসঙ্গে প্রাণ হারাল ভাই-বোন, শোকে স্তব্ধ গোটা এলাকা

মামার বাড়িতে খেলতে গিয়ে নিখোঁজ হওয়ার পর বাড়ির কাছের একটি পুকুর থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, ক্যানিং
  • শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৬ ১১:০২

দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে দুর্ঘটনায় প্রাণ হারাল দুই ভাই-বোন। বুধবার দুপুরে ক্যানিং থানার নিকারীঘাটা গ্রাম পঞ্চায়েতের তালতলা গ্রামে পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়। এই ঘটনায় এলাকাজুড়ে শোকের আবহ তৈরি হয়েছে।

মৃত দুই শিশুর নাম প্রীতি মণ্ডল (১৩) এবং দীপ মণ্ডল (১১)। তারা নিকারীঘাটা পঞ্চায়েতের হিঞ্চাখালির বাসিন্দা। তাঁদের বাবা ও মায়ের নাম বাদল মণ্ডল ও জয়ন্তী মণ্ডল। পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে জয়ন্তী মণ্ডল ছেলে-মেয়েকে নিয়ে তালতলায় তাঁর বাপের বাড়িতে গিয়েছিলেন। সেখানে মামার বাড়িতে অন্য দের সঙ্গে খেলছিল দুই ভাই-বোন। কিছুক্ষণ পর থেকেই তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।

পরিবারের সদস্যরা এবং স্থানীয় বাসিন্দারা দীর্ঘক্ষণ ধরে চারদিকে খোঁজাখুঁজি চালান। পরে দুপুরের দিকে বাড়ির কাছের একটি পুকুরে দুই শিশুকে স্থানীয়রা ভাসতে দেখেন। দ্রুত তাদের উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকেরা পরীক্ষা করে দু'জনকেই মৃত বলে ঘোষণা করেন।

খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, খেলতে খেলতেই অসাবধানতাবশত তারা পুকুরে পড়ে যায়। সেখানেই ডুবে তাদের মৃত্যু হয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

মৃত দুই শিশুর বাবা বাদল মণ্ডল জানান, তাঁর ছেলে ও মেয়ে কেউই সাঁতার জানত না। তাঁর কথায়, “ওরা খেলছিল। সম্ভবত হঠাৎ করেই পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির কাছের একটি পুকুরে ওদের ভাসতে দেখি। দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকেরা জানিয়ে দেন, আর বাঁচানো সম্ভব হয়নি।”

একসঙ্গে দুই সন্তানের মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার। মর্মান্তিক এই ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।


Share