Mysterious Death

কাঁচরাপাড়ায় পোস্ট অফিস কর্মীর রহস্যমৃত্যু, খাটের নিচ থেকে উদ্ধার রক্তাক্ত দেহ

প্রতিবেশীদের দাবি, ঋত্বিক খুব বেশি মেলামেশা করতেন না। নিয়মিত অফিসে যেতেন। বেশিরভাগ দিন রাত করে বাড়ি ফিরতেন।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কাঁচরাপাড়া
  • শেষ আপডেট: ১২ মে ২০২৬ ১২:৩৯

কাঁচরাপাড়ায় এক পোস্ট অফিস কর্মীর রহস্যমৃত্যুর হয়েছে। রক্তাক্ত অবস্থায় শরীরে খাটের নিচে মাথা গোজা অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখা যায়। মৃতের নাম ঋত্বিক সরকার। তিনি কাঁচরাপাড়া পোস্ট অফিসে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি উত্তরবঙ্গের ডুয়ার্সের বীরপাড়ায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাঁচরাপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের রজনীবাবু রোড এলাকার একটি বাড়িতে ঋত্বিক ভাড়া থাকতেন। সোমবার সকালে তিনি অফিসে যাননি। একাধিক বার তাঁকে ফোন করা হয়। তাঁর মোবাইল বেজে গেলেও কেউ ফোন ধরেননি। তখন সহকর্মীদের সন্দেহ হয়।এরপর কয়েক জন সহকর্মী তাঁর ভাড়া বাড়িতে যান।

সেখানে গিয়ে তাঁরা ঘরের ভিতরের দৃশ্য দেখে হতবাক হয়ে পড়েন। দেখা যায়, বাথরুমের প্যাসেজ থেকে ঘরের ভিতর পর্যন্ত রক্ত ছড়িয়ে রয়েছে। খাটের নিচে মাথা ঢোকানো। রক্তাক্ত অবস্থায় ঋত্বিকের দেহ পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে বীজপুর থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারাও ঘটনাস্থলে ভিড় জমান।

স্থানীয় বাসিন্দা সুব্রত সাহা জানান, ঘরে ঢুকেই চারদিকে রক্ত দেখতে পান তাঁরা। তাঁর কথায়, “বাথরুমের প্যাসেজ রক্তে ভেসে যাচ্ছিল। খাটের নীচে মাথা ঢোকানো অবস্থায় দেহ পড়ে ছিল। ঘটনাটি অত্যন্ত সন্দেহজনক।”

প্রতিবেশীদের দাবি, ঋত্বিক খুব বেশি মেলামেশা করতেন না। নিয়মিত অফিসে যেতেন। বেশিরভাগ দিন রাত করে বাড়ি ফিরতেন। পুলিশ জানিয়েছে, মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যেই কয়েক জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।


Share