Murder Case

সাতসকালে বাড়ির সামনে বধূর রক্তাক্ত দেহ, জমি বিবাদের জেরে খুনের অভিযোগ

স্থানীয়দের দাবি, ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে তাঁকে খুন করা হয়েছে। দীর্ঘদিনের জমি-জায়গা সংক্রান্ত বিবাদের জেরেই এই খুন বলে পরিবারের সন্দেহ।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা
  • শেষ আপডেট: ২১ আগস্ট ২০২৬ ০৩:৩৯

সাতসকালে বাড়ির সামনে রক্তাক্ত অবস্থায় এক বধূর দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার হাসনাবাদে। মৃতার নাম খাদিজা বিবি (৫০)। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কী কারণে এই খুন, তা এখনও স্পষ্ট নয়। তবে পরিবারের দাবি, দীর্ঘদিনের জমি-জায়গা সংক্রান্ত বিবাদের জেরেই এই ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাসনাবাদ থানার আমলানি গ্রাম পঞ্চায়েত এলাকায় বাড়ি খাদিজা বিবির। তাঁর স্বামী মোশারফ শেখের সঙ্গে প্রতিবেশী আকবর শেখের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিবাদ চলছিল। সেই বিবাদের জেরে প্রায় এক বছর আগে মোশারফ জেলে যান। এখনও তিনি জেলবন্দি। এরপর বাড়িতে ছোট ছেলের স্ত্রী এবং নাতনিকে নিয়ে থাকতেন খাদিজা। তাঁর দুই ছেলে কর্মসূত্রে ভিনরাজ্যে থাকেন।

বৃহস্পতিবার রাতে ছোট বউমা বাড়িতে ছিলেন না। নাতনিকে নিয়ে বাড়িতে একাই ছিলেন খাদিজা। শুক্রবার সকালে স্থানীয়রা বাড়ির সামনে রক্তাক্ত অবস্থায় তাঁর দেহ পড়ে থাকতে দেখেন। হাসনাবাদ থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

স্থানীয়দের দাবি, খাদিজার গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। পুরনো জমি বিবাদের জেরেই তাঁকে খুন করা হয়ে থাকতে পারে বলে তাঁরা সন্দেহ করছেন। যদিও খুনের প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে কারা জড়িত, তা এখনও নিশ্চিত নয়। ঘটনার তদন্ত শুরু করেছে হাসনাবাদ থানার পুলিশ।


Share