Drowning

মন্দারমণির মোহনায় স্নান করতে নেমে দুর্ঘটনা, তলিয়ে মৃত্যু এক শিশুর, নিখোঁজ শান্তিপুরের নবদম্পতি, চলছে তল্লাশি

মন্দারমণির মোহনায় জোয়ারের প্রবল স্রোতে তলিয়ে মৃত্যু হল এক নাবালকের। এখনও নিখোঁজ নদিয়ার শান্তিপুরের নবদম্পতি সুমন ও বৃষ্টি শীল। তাঁদের সন্ধানে সমুদ্র ও সংলগ্ন এলাকায় চলছে জোরদার তল্লাশি।

কর্তব্যরত লাইফগার্ডরা দ্রুত উদ্ধারকাজে নামেন
নিজস্ব সংবাদদাতা, মন্দারমণি
  • শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬ ০১:৫১

সমুদ্রে স্নান করতে নেমে বিপত্তি। জোয়ারের প্রবল স্রোতে ঘটল দুর্ঘটনা। মন্দারমণির মোহনা এলাকায় জলে তলিয়ে মৃত্যু হল এক নাবালকের। এখনও নিখোঁজ নদিয়ার শান্তিপুরের এক নবদম্পতি। সোমবার বিকেলের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেলে দীঘা থেকে টোটো ভাড়া করে মন্দারমণি বেড়াতে যান শান্তিপুরের দু'জন বাসিন্দা। তাঁদের নাম সুমন শীল (২৪) ও তাঁর স্ত্রী বৃষ্টি শীল (১৮)। তাঁদের সঙ্গে ছিলেন পরিচিত এক শিশু সোমনাথ হালদার (১০)। সোমনাথের আদি বাড়ি নদিয়ার কৃষ্ণগঞ্জে। তবে পরিবারের সঙ্গে সে দীঘাতেই থাকত।

বিকেল আনুমানিক ৩টে নাগাদ মন্দারমণির মোহনা এলাকায় তিনজন সমুদ্রে নামেন। সেই সময় সমুদ্রের পরিস্থিতি প্রতিকূল ছিল বলে জানা গিয়েছে। জোয়ারের প্রবল স্রোতে আচমকাই তিনজন জলের টানে তলিয়ে যান।

ঘটনার পর কর্তব্যরত লাইফগার্ডরা দ্রুত উদ্ধারকাজে নামেন। আশঙ্কাজনক অবস্থায় সোমনাথকে উদ্ধার করে বালিসাই গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তবে এখনও সুমন ও বৃষ্টির কোনও খোঁজ মেলেনি। তাঁদের সন্ধানে পুলিশ ও উদ্ধারকারী দল সমুদ্রে তল্লাশি চালাচ্ছে।

এদিকে দুর্ঘটনার খবর শান্তিপুরে পৌঁছোতেই সুমনের পরিবারে উদ্বেগ ছড়িয়ে পড়ে। সুমনের ভাই সৌরভ শীল জানান, দাদার মোবাইলে ফোন করলে এক অপরিচিত ব্যক্তি ফোন ধরেন। তিনিই দুর্ঘটনার কথা জানান। জলে ডুবে একটি শিশুর মৃত্যু হয়েছে এবং সুমন ও বৃষ্টির এখনও কোনও সন্ধান পাওয়া যায়নি বলেও তিনি জানান।

সৌরভের দাবি, সুমন দিল্লিতে কাজ করতেন। সেখানে থাকাকালীন তাঁদের এই ভ্রমণ সম্পর্কে পরিবারের সদস্যরা বিস্তারিত কিছু জানতেন না।

সুমনের মা ভানু শীল জানান, সুমন প্রথম পক্ষের পরিবার ছেড়ে বৃষ্টির সঙ্গে অন্যত্র চলে গিয়েছিলেন। গত এক বছর ধরে পরিবারের সঙ্গে তাঁর তেমন সরাসরি যোগাযোগ ছিল না। প্রায় এক মাস আগে শেষবার ফোনে ছেলের সঙ্গে সামান্য কথা হয়েছিল।

ছেলের এমন মর্মান্তিক পরিণতির খবরে কার্যত বাকরুদ্ধ পরিবার। অন্যদিকে, নিখোঁজ নবদম্পতির সন্ধানে মন্দারমণির সমুদ্র ও সংলগ্ন এলাকায় জোরদার তল্লাশি অভিযান চালানো হচ্ছে।


Share