Narendra Modi & Donald Trump

ভোর ছ’টায় মোদীকে ফোন করতে চেয়েছিলেন ট্রাম্প! আমেরিকার রাষ্ট্রদূতের বিস্ফোরক দাবি, সামনে এল দুই নেতার ব্যক্তিগত সম্পর্কের নতুন অধ্যায়

তখন রাষ্ট্রদূত তাঁকে মনে করিয়ে দেন, ভারতে তখন ভোর ছ'টা। তাতে ট্রাম্প উত্তর দেন, “উনি এত ক্ষণে ঠিক ঘুম থেকে উঠে গিয়েছেন। উনিও আমার মতো।”

নরেন্দ্র মোদী ও ডোলান্ড ট্রাম্প।
নিজস্ব সংবাদদাতা, আমেরিকা
  • শেষ আপডেট: ৩০ জুন ২০২৬ ০৪:২১

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত সুসম্পর্ক বহুবার আলোচনায় এসেছে। বাণিজ্য-সহ বিভিন্ন ইস্যুতে দুই দেশের মধ্যে কূটনৈতিক মতপার্থক্য দেখা দিলেও, দুই রাষ্ট্রনেতার ব্যক্তিগত সম্পর্কের উষ্ণতা বজায় রয়েছে। সেই সম্পর্কেরই এক সাম্প্রতিক দৃষ্টান্ত তুলে ধরেছেন আমেরিকার রাষ্ট্রদূত সার্জিয়ো গোর। তাঁর দাবি, সম্প্রতি এক সকালে স্থানীয় সময় ভোর ছ'টায় প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ফোনে কথা বলতে চেয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প।

সোমবার ওয়াশিংটনে ভারত-আমেরিকা স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ফোরামের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ভারত-মার্কিন বাণিজ্যচুক্তি নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন আমেরিকার রাষ্ট্রদূত গোর। তিনি জানান, চুক্তির অধিকাংশ বিষয়েই ইতিমধ্যে ঐকমত্যে পৌঁছানো গিয়েছে এবং এখন শুধু শেষ এক থেকে দুই শতাংশ বিষয় চূড়ান্ত হওয়া বাকি। বক্তব্যে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত সুসম্পর্কের কথাও উল্লেখ করেন। গোরের মতে, দুই নেতার এই সম্পর্ক ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

আমেরিকার রাষ্ট্রদূত জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্ক কতটা ঘনিষ্ঠ, তার একটি সাম্প্রতিক ঘটনার কথাও তিনি তুলে ধরেন। তাঁর দাবি, এক সন্ধ্যায় মায়ামিতে ট্রাম্পের সঙ্গে ‘ইউএফসি’-র একটি প্রতিযোগিতা দেখতে গিয়েছিলেন তিনি। সেই সময় ট্রাম্প নিজে থেকেই মোদীকে ফোন করার ইচ্ছা প্রকাশ করেন। তখন রাষ্ট্রদূত তাঁকে মনে করিয়ে দেন, ভারতে তখন ভোর ছ'টা। তাতে ট্রাম্প উত্তর দেন, “উনি এত ক্ষণে ঠিক ঘুম থেকে উঠে গিয়েছেন। উনিও আমার মতো।” তবে শেষ পর্যন্ত ওই ভোরবেলায় আর ফোন করা হয়নি। পরে দু’পক্ষের সুবিধাজনক সময় অনুযায়ী পরের দিনের জন্য ফোনালাপের সময় নির্ধারণ করে ট্রাম্প প্রশাসন।

আমেরিকার রাষ্ট্রদূতের কথায়, এই ঘটনা থেকেই বোঝা যায় দুই নেতার মধ্যে কতটা সুসম্পর্ক রয়েছে। তিনি বলেন, “আপনার সঙ্গে যখন কারও বন্ধুত্ব হয়ে যায়, তখন সব কিছু যে ঘড়ি কাঁটা মেনেই হবে এমন কোনও কথা নেই। প্রেসিডেন্ট (ট্রাম্প) সত্যিই প্রধানমন্ত্রী (মোদী)-কে একজন বন্ধু হিসেবে দেখেন।”

গত কয়েক সপ্তাহে ভারত-আমেরিকা বাণিজ্য আলোচনা উল্লেখযোগ্যভাবে এগিয়েছে বলে মত প্রকাশ করেছেন গোর। তাঁর দাবি, সম্ভাব্য বাণিজ্য চুক্তি কার্যকর হলে ভারত ও আমেরিকা উভয় দেশেরই অর্থনৈতিকভাবে লাভ হবে। পাশাপাশি তিনি জানান, আগামী দু’সপ্তাহের মধ্যে চতুর্দেশীয় জোট ‘কোয়াড’-এর বিদেশমন্ত্রীদের বৈঠক ফিলিপিনসে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, এই আন্তর্জাতিক জোটের গুরুত্বপূর্ণ সদস্য দেশগুলির মধ্যে ভারত ও আমেরিকা অন্যতম।


Share