Free Fare of Govt Bus

১ জুন থেকে সরকারি বাসে মহিলাদের ফ্রি যাত্রা, নিরাপত্তায় কড়া নজর রাজ্যের, চালক-কন্ডাক্টরদের জন্য বিশেষ নির্দেশিকা

তাই বাসের ভিতরে কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে আগে থেকেই সতর্ক প্রশাসন।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৭ মে ২০২৬ ০৯:০৮

আগামী ১ জুন থেকে রাজ্যের সমস্ত সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াত চালু করছে রাজ্য সরকার। এই পরিষেবা শুরুর আগে মহিলা যাত্রীদের নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত করতে একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে পরিবহণ দফতর। বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বাসের চালক ও কন্ডাক্টরদের ভূমিকার উপর।

পরিবহণ দফতরের মতে, বাসে ফ্রি যাত্রার সুবিধা চালু হলে স্কুল-কলেজের পড়ুয়া থেকে কর্মজীবী মহিলা সব ক্ষেত্রেই সরকারি বাসে যাত্রী সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়বে। তাই বাসের ভিতরে কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে আগে থেকেই সতর্ক প্রশাসন। এ নিয়ে কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকও করেছে পরিবহণ দফতর।

নির্দেশিকায় বলা হয়েছে, বহু সরকারি বাসে থাকা সিসিটিভি ক্যামেরাগুলি সচল রয়েছে কি না, তা খতিয়ে দেখতে হবে। যেসব বাসে এখনও ক্যামেরা বসেনি, সেখানে দ্রুত সিসিটিভি লাগানোর কাজ চলছে। এর ফলে পরিবহণ দপ্তরের সেন্ট্রাল কন্ট্রোল রুম থেকে সরাসরি নজরদারি করা সম্ভব হবে। পাশাপাশি, বাসের ভিতরে দৃশ্যমান জায়গায় পুলিশের হেল্পলাইন নম্বর টাঙানোর নির্দেশও দেওয়া হয়েছে, যাতে জরুরি পরিস্থিতিতে মহিলা যাত্রীরা দ্রুত সাহায্য চাইতে পারেন।

এছাড়া ট্রেনে যেমন রেলরক্ষী বাহিনীর সদস্যরা আচমকা পরিদর্শন করেন, তেমনভাবেই সরকারি বাসেও পুলিশের তরফে সারপ্রাইজ ভিজিট চালুর প্রস্তাব দেওয়া হয়েছে।

পরিবহণ দফতর জানিয়েছে, রাজ্য পরিবহণ নিগমের অধীন সমস্ত এসি ও নন-এসি সরকারি বাসে মহিলারা এই সুবিধা পাবেন। উপভোক্তাদের জন্য রাজ্য সরকারের তরফে ছবি ও নাম-সহ ডিজিটাল স্মার্ট কার্ড দেওয়া হবে। তবে সেই কার্ড হাতে না পাওয়া পর্যন্ত, যে কোনও সরকারি পরিচয়পত্র দেখালেই কন্ডাক্টরদের ইলেকট্রনিক টিকিট মেশিন থেকে ‘জিরো ভ্যালু টিকিট’ ইস্যু করতে হবে।

নির্দেশিকায় আরও স্পষ্ট করে বলা হয়েছে, কোনও মহিলা যাত্রীকে এড়িয়ে যাওয়া যাবে না। নির্ধারিত স্টপেজে মহিলা যাত্রীদের ওঠানামার জন্য পর্যাপ্ত সময় দিতে হবে। যেহেতু ফ্রি পরিষেবার কারণে কিছু ক্ষেত্রে কন্ডাক্টরদের অনীহার আশঙ্কা রয়েছে, তাই এ বিষয়ে কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।

এই নিয়ম মানতে হবে ক্যালকাটা স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন, ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন, ওয়েস্ট বেঙ্গল সারফেস ট্রান্সপোর্ট কর্পোরেশন, নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন এবং সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের অধীন সমস্ত সরকারি বাসকর্মীদের। পরিবহণ দফতরের তরফে জানানো হয়েছে, নিয়ম মেনে পরিষেবা দেওয়া হচ্ছে কি না এবং নিরাপত্তায় কোনও ঘাটতি রয়েছে কি না, তা দেখতে সিনিয়র আধিকারিকরা বাসে সারপ্রাইজ পরিদর্শন করবেন।


Share