Bomb Threat

একই ছকে পরপর আদালতে হুমকি, আসানসোল–বহরমপুরের পর সিউড়ি জেলা আদালতে বোমাতঙ্ক, চিরুনি তল্লাশি পুলিশের

সিউড়ি জেলা আদালতে বোমা রাখার হুমকি ইমেল ঘিরে চাঞ্চল্য ছড়াল। তড়িঘড়ি চিরুনি তল্লাশি চালাল পুলিশ ও বোম্ব স্কোয়াড, যদিও কিছুই মেলেনি। রাজ্যের একাধিক আদালতে পরপর একই ধরনের হুমকিতে উদ্বেগ বাড়ছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদাতা, সিউড়ি
  • শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৩০

আসানসোল, বহরমপুরের পর এবার বীরভূমের সিউড়ি। ফের বোমাতঙ্কে কাঁপল জেলা আদালত চত্বর। হুমকিমূলক ইমেল ঘিরে চাঞ্চল্য ছড়াল সমগ্র এলাকায়।

মঙ্গলবার সকালে জেলা জজের দফতরে একটি ইমেল পৌঁছোয়। সেখানে দাবি করা হয়, আদালত চত্বরে বোমা রাখা রয়েছে। দুপুর ১২টার মধ্যে এজলাস ফাঁকা না করলে যে কোনও সময় বিস্ফোরণ ঘটতে পারে। এই বার্তা সামনে আসতেই পুলিশ প্রশাসন দ্রুত তৎপর হয়ে ওঠে। আদালত চত্বরে চিরুনি তল্লাশি শুরু হয়।

পুলিশ সূত্রে খবর, ডিএসপি কুনাল চক্রবর্তীর নেতৃত্বে একটি বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছোয়। সঙ্গে বোম্ব স্কোয়াড ও স্নিফার ডগ ডাকা হয়। আদালত ভবনের প্রতিটি তলা, এজলাস কক্ষ, করিডর ও সংলগ্ন এলাকা খতিয়ে দেখা হয়। তবে শেষ পাওয়া খবর পর্যন্ত সন্দেহজনক কোনও বস্তু উদ্ধার হয়নি। ঘটনাকে কেন্দ্র করে কিছুক্ষণের জন্য আদালতের কাজকর্ম ব্যাহত হয়। নিরাপত্তার স্বার্থে আইনজীবী, আদালত কর্মী ও মামলাকারীদের একাংশকে বাইরে বের করে দেওয়া হয়। ফলে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়ায় সাধারণ মানুষের মধ্যে।

উল্লেখ্য, গতকালও রাজ্যের একাধিক আদালতে একই ধরনের বোমা হুমকির ইমেল আসে। কলকাতার নগর দায়রা আদালত, দুর্গাপুর মহকুমা আদালত, আসানসোল জেলা আদালত এবং চুঁচুড়া আদালত—সব জায়গাতেই তল্লাশি চালায় পুলিশ। কোথাও এখনও পর্যন্ত বিস্ফোরক মেলেনি। পরপর আদালতে এমন হুমকির ঘটনায় প্রশ্ন উঠছে, এর নেপথ্যে কি পরিকল্পিত নাশকতার ছক, নাকি উদ্দেশ্য কেবল আতঙ্ক ছড়ানো? তদন্তকারীরা ইমেলের উৎস ও প্রযুক্তিগত তথ্য খতিয়ে দেখছেন। ইতিমধ্যেই সাইবার বিশেষজ্ঞদেরও যুক্ত করা হয়েছে তদন্তে।একদিকে আদালত চত্বরে নিরাপত্তা জোরদার।অন্যদিকে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ। রাজ্যে পরপর বোমাতঙ্কের ঘটনায় প্রশাসনের উপর চাপ বাড়ছে। পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।


Share