Police Injured

সিউড়িতে কবরস্থানের পাশে হাড় উদ্ধার ঘিরে বিক্ষোভ, পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত পুলিশ, জখম থানার আইসি-সহ চার জন

বীরভূমের সিউড়ির কুখুডিহিতে জলের পাইপলাইনের কাজ চলাকালীন কবরস্থানের পাশ থেকে মানবদেহের হাড় উদ্ধার হয়।

ঘটনার পরে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বীরভূমের পুলিশ সুপার।
নিজস্ব সংবাদদাতা, সিউড়ি
  • শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৬ ১১:১৬

বীরভূমের সিউড়িতে জলের পাইপলাইনের কাজ চলছিল। সেই সময়েই কুখুডিহি গ্রামে মাটি খোঁড়ার সময় একটি কবরস্থানের পাশ থেকে মানবদেহের হাড় বেরিয়ে আসে। ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয় বাসিন্দাদের একাংশ ক্ষুব্ধ হয়ে পড়ে। ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ শুরু হয়।

অভিযোগ, উত্তেজিত জনতা প্রথমে জেসিবি চালকের ওপর চড়াও হয়। তাঁকে বেধড়ক মারধর করে। খবর পেয়ে সিউড়ি থানার আইসি শৈলেন্দ্র উপাধ্যায়ের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। বেশ কিছু ক্ষণ ধরে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলে। কিন্তু পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়ি ভাঙচুর করে। অন্ধকার থেকে আইসিকে লক্ষ্য করে ইট ছোড়ে। এই হামলায় আইসি শৈলেন্দ্র উপাধ্যায় গুরুতর জখম হন। তাঁর মাথা ও কানে চোট লাগে। রক্তাক্ত অবস্থায় তাঁকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়াও, আরও তিনজন পুলিশকর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছোন জেলা পুলিশ সুপার সূর্যপ্রসাদ যাদব। তাঁর উপস্থিতিতে এবং কেন্দ্রীয় বাহিনীর সহায়তায় এলাকায় নিয়ন্ত্রণ ফেরানোর চেষ্টা চালানো হয়। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশকে লাঠিচার্জও করতে হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ২০ জনকে আটক করা হয়েছে। বর্তমানে এলাকায় যাতে নতুন করে কোনও উত্তেজনা না ছড়ায় তার জন্য অতিরিক্ত পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। যদিও পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে। তবুও কুখুডিহি এলাকায় এখনও চাপা উত্তেজনা বজায় রয়েছে। পুরো ঘটনার উপর কড়া নজর রাখছে প্রশাসন।


Share