Injured Police and Civic Volunteer

মালদহে মাদক ধরতে গিয়ে হামলা, আহত পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার, তদন্তে নেমেছে পুলিশ

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রামের একটি আমবাগানে বেশ কিছু মাদক কারবারি জড়ো হয়েছে, এমন গোপন সূত্রে খবরের ভিত্তিতে মানিকচক থানার পুলিশ অভিযান চালায়।

ঘটনাস্থলে হইচই
নিজস্ব সংবাদদাতা, মালদহ
  • শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:০৪

মাদক কারবারীদের ধরতে গিয়ে পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার আক্রান্ত হওয়ার ঘটনা সামনে এল মালদহ জেলায়। ঘটনাটি ঘটেছে মানিকচক এলাকার নুরপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ফকির টোলা এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রামের একটি আমবাগানে বেশ কিছু মাদক কারবারি জড়ো হয়েছে, এমন গোপন সূত্রে খবরের ভিত্তিতে মানিকচক থানার পুলিশ অভিযান চালায়। অভিযানের সময় পুলিশের সঙ্গে অভিযুক্তরা ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে। এই ঘটনায় দু’জন সিভিক ভলেন্টিয়ার সামান্য আহত হন।

জেলার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে এবং বাকিদের খোঁজে তল্লাশি চলছে।

ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ভারতীয় জনতা পার্টির অভিযোগ, শাসকদলের মদতে দুষ্কৃতীদের সাহস এতটাই বেড়েছে যে তারা পুলিশ প্রশাসনকেও তোয়াক্কা করছে না। ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে।

অন্যদিকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসর পাল্টা দাবি, রাজ্যের পুলিশ দুষ্কৃতীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কড়া ব্যবস্থা নিচ্ছে এবং রাজনৈতিক উদ্দেশ্যেই এই অভিযোগ তোলা হচ্ছে।


Share