Road Accident

আসানসোলে নিয়ন্ত্রণহীন মিনিবাসের ধাক্কা পুলকারে, পথচারীর মৃত্যু, আহত স্কুলপড়ুয়ারা

আসালসলে নিয়ন্ত্রণ হারানো একটি মিনিবাস স্কুল পড়ুয়াদের বহনকারী পুলকারে ধাক্কা মারলে এক পথচারীর মৃত্যু হয় এবং আহত হয় কয়েকজন পড়ুয়া।

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়ি।
নিজস্ব সংবাদদাতা, আসানসোল
  • শেষ আপডেট: ১৭ জুলাই ২০২৬ ০৭:৫৩

শুক্রবার সকালেই মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ স্টেশনের কাছে এক স্কুলভ্যান দুর্ঘটনায় পাঁচ স্কুলপড়ুয়ার মৃত্যুর ঘটনা ঘটেছে। তার রেশ এখনও কাটেনি। তারই মধ্যে শুক্রবার সকালেই ফের আসানসোলে দুর্ঘটনা ঘটল। একটি নিয়ন্ত্রণ হারানো মিনিবাস স্কুল পড়ুয়াদের বহনকারী একটি পুলকারকে ধাক্কা মারে। ঘটনায় এক পথচারীর মৃত্যু হয়। আহত হয় কয়েকজন পড়ুয়া।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম জয়দেব মণ্ডল (৬১)। তিনি পুরুলিয়ার কাশিপুরের বাসিন্দা এবং আসানসোলের একটি হোটেলে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল প্রায় ৮টা নাগাদ আসানসোল থেকে রানিগঞ্জগামী একটি মিনিবাস দ্রুতগতিতে আসছিল। সেই সময় মুর্গাসোল এলাকা থেকে পড়ুয়াদের তুলে একটি ইংরেজি মাধ্যম স্কুলের পুলকার জিটি রোডে এগোচ্ছিল। অভিযোগ, নিয়ন্ত্রণ হারিয়ে মিনিবাসটি প্রথমে এক পথচারীকে ধাক্কা মারে। তারপর পুলকারের পিছনে সজোরে আঘাত করে। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই দ্রুত পুলকার থেকে শিশুদের বের করে আসানসোল জেলা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। এ দিকে দুর্ঘটনার পর মিনিবাসটি ঘটনাস্থলেই ফেলে রেখে চালক ও কন্ডাক্টর পালিয়ে যান।

ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, শহরে মিনিবাস চালকদের বেপরোয়া গতিতে গাড়ি চালানো এবং ট্রাফিক আইন না মানার প্রবণতার কারণেই এমন দুর্ঘটনা বারবার ঘটছে। পাশাপাশি অনেকের দাবি, দুর্ঘটনাস্থলের আশপাশে রাস্তার উপর অস্থায়ী দোকান এবং অবৈধ পার্কিংয়ের জন্য জিটি রোডের একটি বড় অংশ দখল হয়ে রয়েছে। ফলে রাস্তা সরু হয়ে যাওয়ায় দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়েছে।

পুলিশ জানিয়েছে, পরিস্থিতি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। হাসপাতাল সূত্রে খবর, মোট পাঁচজন পড়ুয়াকে ভর্তি করা হয়েছিল। তাঁদের মধ্যে তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। বাকি দু'জন চিকিৎসাধীন থাকলেও তাঁদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল।


Share