Arrest Civic Volunteer

পুলিশের প্রভাব খাটিয়ে বারবার ধর্ষণ, আপত্তিকর ভিডিয়ো ফাঁসের ভয় দেখিয়ে ব্ল্যাকমেল, দুর্গাপুরে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

অভিযোগ, প্রতিবাদ করলে এবং বিষয়টি প্রকাশ্যে আনার কথা বললে অভিযুক্ত তাঁর কাছে থাকা কিছু আপত্তিকর ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিত।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর
  • শেষ আপডেট: ০১ জুন ২০২৬ ১০:১২

দুর্গাপুরে পুলিশের প্রভাব খাটিয়ে এক মহিলাকে দীর্ঘদিন ধরে ধর্ষণ এবং আপত্তিকর ভিডিয়ো ভাইরাল করার হুমকি দেওয়ার অভিযোগ। ঘটনায় গ্রেফতার এক সিভিক ভলান্টিয়ার চিরঞ্জিত সাহা। তিনি কোকওভেন থানার অন্তর্গত বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৮ মে এক মহিলা দুর্গাপুর মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, ২০১৫ সালের অক্টোবর মাস থেকে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার খাকি উর্দির প্রভাব দেখিয়ে তাঁর সঙ্গে একাধিকবার জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করে। অভিযোগ, প্রতিবাদ করলে এবং বিষয়টি প্রকাশ্যে আনার কথা বললে অভিযুক্ত তাঁর কাছে থাকা কিছু আপত্তিকর ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিত।

দীর্ঘদিন ভয় ও সামাজিক লজ্জার কারণে চুপ থাকলেও শেষ পর্যন্ত আইনের দ্বারস্থ হন নির্যাতিতা। অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে পুলিশ। দুর্গাপুর মহিলা থানা ও কোকওভেন থানার পুলিশ যৌথভাবে শনিবার রাতে বিদ্যাসাগর পল্লী এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে।

রবিবার ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়। শুনানি শেষে আদালত অভিযুক্তের জামিনের আবেদন খারিজ করে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।

পুলিশের প্রাথমিক অনুমান, ঘটনার সঙ্গে ব্ল্যাকমেলিং বা অন্য কোনও চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীরা অভিযোগের বিভিন্ন দিক খতিয়ে দেখছেন এবং ঘটনার পূর্ণ সত্য উদ্ঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছেন।


Share