Plane Clash

কানপুরে মাঠে আছড়ে পড়ল প্রশিক্ষণ বিমান, নিহত পাইলট, তদন্তে ডিজিসিএ

ঠিক কী কারণে বিমানটি ভেঙে পড়ল, তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার কাজ শুরু করেছে।

উত্তরপ্রদেশের কানপুরে বৃহস্পতিবার সকালে ভেঙে পড়া বিমান।
নিজস্ব সংবাদদাতা, কানপুর
  • শেষ আপডেট: ২৭ আগস্ট ২০২৬ ০২:০৫

উত্তরপ্রদেশের কানপুরে ভেঙে পড়ল একটি প্রশিক্ষণ বিমান। বৃহস্পতিবার দুপুরে গঙ্গা ব্যারেজের কাছে নাত্তুপুরওয়া গ্রামের একটি মাঠে ছোট বিমানটি আচমকাই আছড়ে পড়ে। দুর্ঘটনায় এক শিক্ষানবিশ পাইলটের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। গুরুতর আহত হয়েছেন বিমানে থাকা অপর পাইলট, যিনি প্রশিক্ষক ছিলেন বলে খবর।

প্রত্যক্ষদর্শীদের দাবি, আচমকাই বিমানটিকে মাঠের দিকে নেমে আসতে দেখা যায়। মাটিতে আছড়ে পড়ার পর বিমানটি সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার সময় বিমানটিতে দু’জন ছিলেন-একজন শিক্ষানবিশ পাইলট এবং অন্যজন প্রশিক্ষক। ঠিক কী কারণে বিমানটি ভেঙে পড়ল, তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার কাজ শুরু করেছে।

দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয়। স্থানীয় পুলিশও সেখানে যায়। মাঠ থেকে আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলেও পথেই তাঁদের মৃত্যু হয়। দুর্ঘটনাস্থলের ওই অংশ পুলিশ ঘিরে রেখেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দুই পাইলটের মধ্যে একজনের বাড়ি গুজরাতে, অন্য জন কর্নাটকের বাসিন্দা। তাঁদের মধ্যে একজনের প্রায় তিন হাজার ঘণ্টা বিমান ওড়ানোর অভিজ্ঞতা ছিল। দুর্ঘটনার খবর ইতিমধ্যেই অসামরিক বিমান পরিবহণ নিয়ামক সংস্থা ডিজিসিএ-কে জানানো হয়েছে। কানপুরের এই বিমান দুর্ঘটনায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শোকপ্রকাশ করেছেন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্ঘটনাগ্রস্ত বিমানটি ছিল টেকনাম পি২০০৬টি। বিমানটি ‘গর্গ অ্যাভিয়েশন’ নামে একটি সংস্থা পরিচালনা করত। একটি সিভিল এরোড্রোম থেকে ওই সংস্থা ফ্লাইং স্কুল চালায় বলে জানা গিয়েছে।

সংবাদসংস্থা এএনআই-এর দাবি, দুই ইঞ্জিনের এই বিমানে মোট চার জনের বসার ব্যবস্থা ছিল। তবে দুর্ঘটনার পর বিমানটির ধরন এবং সেটির রেজিস্ট্রেশন কার নামে ছিল, সে বিষয়ে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত কোনও সরকারি বিবৃতি দেয়নি ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)।


Share