Airplane

এটিএফের দাম আকাশছোঁয়া, কাটছাঁট ঘরোয়া উড়ানে! সবচেয়ে বিপাকে পড়তে পারেন দিল্লি-মুম্বই-বেঙ্গালুরুর যাত্রীরা

বিমান সংস্থাগুলির দাবি, বিমানের জ্বালানি এটিএফ-এর দাম ব্যাপক হারে বেড়েছে। কলকাতায় প্রতি কিলোলিটার এটিএফের দাম ৭৫-৮০ হাজার টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে প্রায় এক লক্ষ ন'হাজার ৪৫০ টাকায়। তার সঙ্গে রয়েছে ভ্যাটের চাপ।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ২৯ মে ২০২৬ ০৪:২৯

পশ্চিম এশিয়ায় অস্থিরতার জেরে জ্বালানির খরচ বেড়ে যাওয়ায় দেশের ঘরোয়া বিমান পরিষেবায় বড়সড় কাটছাঁটের পথে দুই প্রধান বিমান সংস্থা ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়া। জুন থেকে অগস্ট এই তিন মাসের জন্য দৈনিক প্রায় ২৫০টি ডোমেস্টিক উড়ান বাতিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে মুম্বই, দিল্লি ও বেঙ্গালুরুর মতো বড় শহরের যাত্রীদের উপর। পাশাপাশি বিমান ভাড়াও বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বিমান সংস্থাগুলির দাবি, বিমানের জ্বালানি এটিএফ-এর দাম ব্যাপক হারে বেড়েছে। কলকাতায় প্রতি কিলোলিটার এটিএফের দাম ৭৫-৮০ হাজার টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে প্রায় এক লক্ষ ন'হাজার ৪৫০ টাকায়। তার সঙ্গে রয়েছে ভ্যাটের চাপ। একই সময়ে উড়ান পরিষেবার চাহিদাও কিছুটা কমেছে। সেই কারণেই কম লাভজনক রুটগুলিতে আপাতত উড়ান কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এয়ার বর্তমানে প্রতিদিন প্রায় ৫০০টি ঘরোয়া উড়ান চালায়। সংস্থাটি জানিয়েছে, তারা ২০-২২ শতাংশ উড়ান কমাবে। ফলে দিনে প্রায় ১১০টি উড়ান বাতিল হতে পারে। একই সঙ্গে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসেও প্রায় ১০ শতাংশ উড়ান কমানোর পথে হাঁটছে।

অন্যদিকে ইন্ডিগো প্রতিদিন প্রায় ২২০০টি উড়ান পরিচালনা করে। তারা যদি পাঁচ-সাত শতাংশ উড়ান কমায়, তা হলে আরও প্রায় ১১০টি উড়ান বাতিল হবে। সব মিলিয়ে প্রতিদিন প্রায় আড়াইশো উড়ান কমতে পারে বলে অনুমান করা হচ্ছে।

বিমান সংস্থাগুলি জানিয়েছে, কোনও গন্তব্যে পরিষেবা পুরোপুরি বন্ধ করা হবে না। তবে যে রুটগুলিতে যাত্রী সংখ্যা কম বা লাভ কম, সেগুলিতেই মূলত উড়ান কমানো হবে।

বিশেষজ্ঞদের মতে, মুম্বই থেকে জয়পুর, গোয়া, বেঙ্গালুরু, হায়দরাবাদ, চেন্নাই, আমেদাবাদ, নাগপুর, পাটনা ও ভোপাল রুটে সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে। পাশাপাশি দিল্লি-কলকাতা রুটেও উড়ানের সংখ্যা কমার সম্ভাবনা রয়েছে। যদিও কলকাতা থেকে অন্যান্য রুটের যাত্রীরা তুলনামূলকভাবে কম সমস্যায় পড়বেন বলেই মনে করা হচ্ছে।


Share