Drowning

বিজয়পুরের ভূতনালা হ্রদে ভাসল ছয় দেহ, মৃতদের মধ্যে দুই নাবালক ও চার মহিলা

বিজয়পুরের ভূতনালা হ্রদে ভাসমান অবস্থায় উদ্ধার হল ছ’জনের দেহ। খবর পেয়ে পুলিশ ও দমকলের দল ঘটনাস্থলে গিয়ে দেহগুলি উদ্ধার করে। এখনও পর্যন্ত তাঁদের পরিচয় জানা যায়নি।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কর্ণাটক
  • শেষ আপডেট: ২৬ আগস্ট ২০২৬ ০২:১০

কর্নাটকের বিজয়পুরের ভূতনালা হ্রদ থেকে উদ্ধার হল ছ’জনের দেহ। বুধবার হ্রদের জলে ভাসমান অবস্থায় দুই নাবালক এবং চার মহিলার দেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ ও দমকলের উদ্ধারকারী দল। তবে এখনও পর্যন্ত মৃতদের পরিচয় জানা যায়নি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, হ্রদে দেহ ভাসতে দেখার খবর পাওয়ার পর দ্রুত উদ্ধার অভিযান শুরু হয়। বিজয়পুরা সিটির ডেপুটি এসপি নাগরাজ এবং আদর্শ নগর থানার পিএসআই সীতারাম লামানির নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। দমকল কর্মীদের সাহায্যে হ্রদ থেকে একে একে ছ’টি দেহ উদ্ধার করা হয়।

মৃত্যুর কারণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের একাংশের অনুমান, হ্রদের ধারে দাঁড়িয়ে থাকার সময় কোনও ভাবে পা পিছলে ছ’জন জলে পড়ে গিয়ে ডুবে যেতে পারেন। তবে এটি নিছক দুর্ঘটনা। নাকি এর পিছনে আত্মহত্যার মতো অন্য কোনও কারণ রয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

ছ’জনের মধ্যে পারিবারিক কোনও সম্পর্ক রয়েছে কি না, সেটিও তদন্তকারীরা খতিয়ে দেখছেন। মৃতদের পরিচয় জানতে সম্প্রতি দায়ের হওয়া নিখোঁজ সংক্রান্ত অভিযোগগুলিও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, ঘটনাটির পিছনে অন্য কোনও কারণ বা পরিস্থিতি রয়েছে কি না, সেই সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ।

ইতিমধ্যেই উদ্ধার হওয়া ছ’টি দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ। তার আগে মৃতদের পরিচয় শনাক্ত করার কাজেই জোর দিচ্ছেন তদন্তকারীরা।


Share