Wrong Treatment

অন্ধ্রপ্রদেশে ম‍্যালেরিয়ার ওষুধ খেয়ে মৃত্যু সাত বছরের শিশুর, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ৫২ জন, তদন্তের নির্দেশ

মোট ৭১ জনকে ক্লোরোকুইন ট্যাবলেট বিতরণ করা হয়। এই ট্যাবলেট খাওয়ার পর তাঁদের মধ্যে বেশ কয়েক জন অসুস্থ হয়ে পড়েন বলে এক আধিকারিক জানিয়েছেন।

অন্ধ্রপ্রদেশের ম‍্যালেরিয়ার ওষুধ খেয়ে মৃত‍্যু হল সাত বছরের শিশুর।
নিজস্ব সংবাদদাতা, অন্ধ্রপ্রদেশ
  • শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৬ ০১:১৯

অন্ধ্রপ্রদেশের ম‍্যালেরিয়ার ওষুধ খেয়ে মৃত‍্যু হল সাত বছরের শিশুর। অন্ধ্রপ্রদেশে মশাবাহিত রোগে আক্রান্তের সংখ্যা বেড়েছে। তারই ওষুধ খেয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। ওষুধের বিষক্রিয়ায় আরও ৫২ জন অসুস্থ হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

অন্ধ্রপ্রদেশের পোলাভরাম জেলার গোল্লাগুপ্পা গ্রামে ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। বর্ষার সময়ে এই গ্রামে মশাবাহিত ম্যালেরিয়ার প্রকোপ। প্রতি বছরের মতো এই গ্রামে পাল্লা দিয়ে ম‍্যালেরিয়া বেড়েছে। সেই মতো সরকারের তরফে গ্রামবাসীদের মধ্যে বিতরণ করা হয়েছিল। মোট ৭১ জনকে ক্লোরোকুইন ট্যাবলেট বিতরণ করা হয়। এই ট্যাবলেট খাওয়ার পর তাঁদের মধ্যে বেশ কয়েক জন অসুস্থ হয়ে পড়েন বলে এক আধিকারিক জানিয়েছেন।

ওই আধিকারিক জানিয়েছেন, প্রশাসনের উদ্যোগে ২৯ জনকে তেলেঙ্গানার একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। গ্রামটির তেলেঙ্গানা সিমান্তে অবস্থিত। আরও ২৪ জনকে স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছে। ওষুধের বিষক্রিয়ায় সাত বছরের শিশুর মৃত্যু হয়েছে। ৫২ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে দাবি করা করা হচ্ছে। কীভাবে বিষক্রিয়া হল, ওষুধের গুণমানে কোনও গলদ ছিল কি না তা নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।


Share