Bomb Threat in Delhi

দিল্লি বিধানসভা এবং লালকেল্লাকে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে এল ইমেল, ঘটনাস্থলে গেল বোম্ব স্কোয়াড

ইতিমধ্যেই পুলিশ দিল্লি বিধানসভা চত্বরে তল্লাশি অভিযান শুরু করেছে। বোম্ব স্কোয়াড ও অন্যান্য নিরাপত্তা সংস্থার যৌথ তৎপরতায় তল্লাশি চলছে। তবে এখনও পর্যন্ত কোনও সন্দেহজনক বস্তু উদ্ধার হয়নি বলে জানিয়েছে পুলিশ।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:২৪

আবারও নাশকতার হুমকি দেশের রাজধানী দিল্লিতে। এ বার দিল্লি বিধানসভা এবং লালকেল্লাকে ইমেলের মাধ্যমে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, খলিস্তানি ঘনিষ্ঠ কোনও গোষ্ঠীর তরফ থেকেই এই হুমকি ইমেল পাঠানো হয়েছে। ঘটনার পর থেকেই রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ইতিমধ্যেই পুলিশ দিল্লি বিধানসভা চত্বরে তল্লাশি অভিযান শুরু করেছে। বোম্ব স্কোয়াড ও অন্যান্য নিরাপত্তা সংস্থার যৌথ তৎপরতায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে। তবে এখনও পর্যন্ত কোনও সন্দেহজনক বস্তু উদ্ধার হয়নি বলে জানিয়েছে পুলিশ।

দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, হুমকি ইমেল পাওয়ার পরই সমস্ত প্রোটোকল মেনে তল্লাশি শুরু হয়েছে। এখনও পর্যন্ত ক্ষতিকর কিছু মেলেনি, তবে অভিযান অব্যাহত রয়েছে। তদন্ত শেষ হলে বিস্তারিত জানানো হবে বলেও পুলিশ সূত্রে খবর।

এদিকে, হুমকি ইমেলের উৎস খতিয়ে দেখা শুরু হয়েছে। কারা এবং কোথা থেকে এই ইমেল পাঠিয়েছে, তা চিহ্নিত করার চেষ্টা চলছে। পুরো বিষয়টিকে প্রশাসন গুরুত্ব দিয়েই দেখছে।

কিছু দিন আগেই রাজধানীতে হাই অ্যালার্ট জারি করা হয়েছিল। জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার তরফে লালকেল্লার আশপাশে বড়সড় হামলার ছক থাকতে পারে বলে গোয়েন্দা তথ্য মিলেছিল। নিশানায় ছিল একাধিক মন্দির, ধর্মীয় স্থান এবং ঐতিহ্যবাহী এলাকা।

একটি গোয়েন্দা নোটে উল্লেখ ছিল, লালকেল্লায় আইইডি বিস্ফোরণের পরিকল্পনা থাকতে পারে। পাশাপাশি চাঁদনি চক এলাকার মন্দির ও ঘিঞ্জি জনবহুল জায়গাগুলিও টার্গেটে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল।

এরই মধ্যে দিল্লি পুলিশের স্পেশাল সেল একটি জঙ্গি ষড়যন্ত্রের পর্দাফাঁস করেছে বলে দাবি। তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গ থেকে মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং এক বাংলাদেশি নাগরিকের যোগ থাকার অভিযোগও উঠেছে।

পুলিশের দাবি, ধৃতরা পাকিস্তানের আইএসআই এবং বাংলাদেশভিত্তিক জঙ্গি গোষ্ঠীর নির্দেশে কাজ করছিল। তাদের কাছ থেকে আটটি মোবাইল ফোন এবং ১৬টি সিম কার্ড উদ্ধার হয়েছে।

এই পরিস্থিতির মধ্যেই ফের বোমা হুমকির ঘটনা সামনে আসায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বেড়েছে। তদন্তে ঠিক কী তথ্য উঠে আসে, এখন সেদিকেই নজর।


Share