Flash Flood

নেপালে ভয়াবহ হড়পা বান, পাশে ভারত! প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহকে ফোন মোদীর, ত্রাণ-উদ্ধারে প্রস্তুত একাধিক ভারতীয় বিমান

সূত্রের খবর, দ্রুত নেপালে ত্রাণসামগ্রী পাঠানোর প্রস্তুতি চলছে। পাশাপাশি উদ্ধার ও ত্রাণকাজেও ভারতীয় দল সহযোগিতার হাত বাড়িয়েছে।

(বাঁ দিকে) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ (ডান দিকে)।
নিজস্ব সংবাদদাতা, নেপাল
  • শেষ আপডেট: ২৬ আগস্ট ২০২৬ ০৮:১২

নেপালে হড়পা বান বিপর্যয়ের পর সে দেশের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহের সঙ্গে ফোনে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কঠিন এই সময়ে তিনি নেপালের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। সূত্রের খবর, দ্রুত নেপালে ত্রাণসামগ্রী পাঠানোর প্রস্তুতি চলছে। পাশাপাশি উদ্ধার ও ত্রাণকাজেও ভারতীয় দল সহযোগিতার হাত বাড়িয়েছে।

বলেনের সঙ্গে ফোনালাপের কথা সমাজমাধ্যমে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর কথায়, ‘‘নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে আমি কথা বলেছি। সেখানকার হড়পা বান এবং বন্যায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের জন্য সমবেদনা জানিয়েছি। এই কঠিন সময়ে নেপালের ভাইবোনেদের পাশে রয়েছে ভারত। নেপালে সম্ভাব্য সমস্ত রকম মানবিক সাহায্য প্রদানে প্রস্তত আমরা। উদ্ধারকাজে আমাদের দল সহায়তা করছে।’’

নেপালের ভয়াবহ হড়পা বানে বিপর্যস্ত শতাধিক ভারতীয় পর্যটকও। কৈলাস-মানস সরোবর দর্শনে গিয়ে রাসুয়া জেলায় বহু ভারতীয় আটকে পড়েছেন। তাঁদের পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিতে এবং প্রয়োজনীয় সহায়তা দিতে ভারতের বিদেশ মন্ত্রক দু’টি জরুরি নম্বর প্রকাশ করেছে। নম্বর দু’টি হল— +৯৭৭৯৮৫১৩১৬৮০৭ এবং +৯৭৭৯৭০৯১০৭৫০০। নেপালে আটকে পড়া বা বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত কোনও ভারতীয় নাগরিকের তথ্য জানাতে এবং সহায়তার জন্য এই নম্বরগুলিতে যোগাযোগ করা যাবে। নেপালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নয়াদিল্লি নিয়মিত যোগাযোগ রাখছে। উদ্ধারকাজ ও বিপর্যয় মোকাবিলাতেও ভারতীয় কর্তৃপক্ষ সহযোগিতা করছে।

বুধবার সকালে নেপালের রাসুয়া জেলায় ভোটেকোশী নদীতে আচমকাই হড়পা বান নামে। নেপাল পর্যটন পর্ষদের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ২৯১ জন বিদেশি-সহ মোট অন্তত ৩৮৪ জন পর্যটকের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজদের মধ্যে রয়েছেন ১৪২ জন ভারতীয়, যাঁদের মধ্যে ৩৭ জন অনাবাসী ভারতীয়। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিয়োয় দেখা গিয়েছে, প্রবল গতিতে নদীর জল ও কাদামাটির স্রোত লোকালয়ের দিকে ধেয়ে আসছে। সেই স্রোতে ঘরবাড়ি, রাস্তাঘাট এবং সেতু ভেসে যাওয়ার ছবিও দেখা গিয়েছে। এখনও পর্যন্ত মৃত বা আহতের সংখ্যা নিয়ে নেপাল সরকারের তরফে কোনও সরকারি তথ্য জানানো হয়নি। নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালানোর পাশাপাশি জোরকদমে উদ্ধারকাজও চলছে।

নেপালে ত্রাণ ও উদ্ধারকার্য পরিচালনার জন্য বিমানবাহিনীর একাধিক বিমান প্রস্তুত রেখেছে ভারত। এই বহরে রয়েছে সি-১৭, সি-১৩০জে এবং সি-২৯৫ পরিবহণ বিমান। বুধবারই প্রয়োজনীয় ত্রাণসামগ্রী ও সরঞ্জাম নিয়ে বিমানগুলি নেপালের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা।


Share