Bomb Threat

পুরীর জগন্নাথ মন্দিরে বোমাতঙ্ক, ঘটনাস্থলে বোম্ব স্কোয়াড, নামল অতিরিক্ত পুলিশ বাহিনী

পুরীর পুলিশ সুপার প্রতীক সিংহ জানিয়েছেন যে, জগন্নাথ ধামে সর্বদা ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা থাকে। বোমা হুমকি আসার পর তা আরও আঁটোসাঁটো করা হয়েছে। সিংহ দ্বার-সহ মন্দিরের চারটি প্রবেশপথেই সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয়েছে।

পুরীর জগন্নাথ মন্দির
নিজস্ব সংবাদদাতা, পুরী
  • শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৬ ০২:০৬

পুরীর জগন্নাথ মন্দিরে বোমাতঙ্ক। বোম মেরে মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি। সমাজমাধ্যমে এই হুমকি দেওয়া হয়েছে হয়েছে বলে খবর। বোমা হামলার খবর পেয়ে নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে শ্রীক্ষেত্র। সেখানে চলছে পুলিশের তল্লাশি অভিযান। ঘটনায় এখনও পর্যন্ত এক জনকে আটক করা হয়েছে বলে খবর।

দ্বাদশ শতকের মন্দির এবং তার আশপাশের এলাকায় পুলিশ টহল দিচ্ছে। প্রতিদিন এই মন্দিরে প্রায় লক্ষাধিক হিন্দু ভক্তরা আসেন। তাই নিরাপত্তা নিয়ে কোনও ঝুঁকি না নিয়েই খবর পাওয়া মাত্র তৎপর হয়েছে প্রশাসন। সংবাদ সংস্থা সূত্রে খবর, বম্ব স্কোয়াড এবং ডগ স্কোয়াড শুধু মন্দিরে নয়, ওই চত্বরের আশপাশের সংবেদনশীল এলাকাতেও তল্লাশি চালাচ্ছে। মন্দিরে ভক্তদের প্রবেশের উপর এখনই কোনও বিধিনিষেধ আরোপ করা হয়নি। তবে মন্দিরে প্রবেশকারী প্রত্যেককেই পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করছেন নিরাপত্তারক্ষীরা।

জানা গিয়েছে, মঙ্গলবার রাতে সমাজমাধ্যমে একটি পোস্ট নজরে আসে। যাতে লেখা ছিল, ‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে পুরীর জগন্নাথ ধাম।’ পুরী পুলিশ সূত্রে খবর, ওই পোস্টের ভিত্তিতে এক জনকে আটক করা হয়েছে। জানা গিয়েছে, যে মহিলার অ্যাকাউন্ট থেকে এই পোস্টটি করা হয়েছে তিনি এতে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। তাঁর দাবি, অজ্ঞাত কোনও ব্যক্তি তাঁর নাম ব্যবহার করে ভুয়ো আইডি তৈরি করে এই কাণ্ড ঘটিয়েছেন।

পুরীর পুলিশ সুপার প্রতীক সিংহ জানিয়েছেন, “জগন্নাথ ধামে সর্বদা ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা থাকে। বোমা হুমকি আসার পর তা আরও আঁটোসাঁটো করা হয়েছে। সিংহ দ্বার-সহ মন্দিরের চারটি প্রবেশপথেই সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয়েছে। সাদা পোশাকের পুলিশও ভিড়ের উপর নজর রাখছে। তিনি ভক্তদের আশ্বস্ত করে জানিয়েছেন, কোনও আশঙ্কার কারণ নেই।”

উল্লেখ্য, এর আগেও গত বছরের জুলাই মাসে পুরীর মন্দিরের দেওয়ালে হুমকি বার্তা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল। কয়েকশো শতাব্দী প্রাচীন এই মন্দিরের দেওয়ালে ওড়িয়া এবং ইংরেজি ভাষায় লেখা ছিল, ‘জঙ্গিরা জগন্নাথ মন্দিরে আক্রমণ করবে এবং মন্দির গুঁড়িয়ে দেওয়া হবে।’


Share