Love Jihad

‘আমায় খুব মারধর করছে আলি,’ বাড়িতে ফোন করে জানায় মেয়ে, হাসপাতালে মৃত্যু তরুণীর, অসমে ‘লাভ জিহাদ’, গ্রেফতার প্রেমিক

পুলিশকে বিষয়টি জানানোর পরে তৎপরতার সঙ্গে আজারা থানার পুলিশ গুয়াহাটির পুলিশ এবং স্থানীয় হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে। নিমিশার বাবার বক্তব্য, পুলিশ তাঁদের জানায়, এক যুবক ও তার কয়েক জন বন্ধু এক তরুণীকে স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করেছে।

অসমে ‘লাভ জিহাদ’।
নিজস্ব সংবাদদাতা, অসম
  • শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১২:১৭

অসমে ‘লাভ জিহাদ’। এক হিন্দু তরুণীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল প্রেমিক আশিক আলির বিরুদ্ধে। গত ২৬ সেপ্টেম্বর গুয়াহাটি শহরের ধরাপুর এলাকায় একটি হোমস্টেতে ঘটনাটি ঘটেছে। পুলিশ খুনের অভিযুক্ত আশিক আলিকে গ্রেফতার করা হয়েছে।

মৃতের নাম নিমিশা ঠাকুরিয়া (২২)। তিনি গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ে ইন্টিগ্রেটেড এমএ কোর্সের পঞ্চম সেমেস্টারের ছাত্রী ছিলেন। পরিবার জানিয়েছে, নিমিশা গত ২৬ সেপ্টেম্বর রাত ২টো ১৫ মিনিট নাগাদ তাঁর মাকে ফোন করেছিলেন। এক মিনিটেরও কম সময়ের ওই ফোনে নিমিশা জানান, আশিক আলি তাঁকে নৃশংস ভাবে মারধর করছে। এরপরই ফোনটি কেটে যায়। দেরি না করে নিমিশার বাবা-মা তড়িঘড়ি নিকটবর্তী আজারা পুলিশ স্টেশনে পৌঁছোন।

পুলিশকে বিষয়টি জানানোর পরে তৎপরতার সঙ্গে আজারা থানার পুলিশ গুয়াহাটির পুলিশ এবং স্থানীয় হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে। নিমিশার বাবার বক্তব্য, পুলিশ তাঁদের জানায়, এক যুবক ও তার কয়েক জন বন্ধু এক তরুণীকে স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করেছে। তাঁরা হাসপাতালে গিয়ে দেখতে পান, ওই তরুণী তাঁদের মেয়ে নিমিশাই। সেই সময় নিমিশার শারীরিক অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক ছিল। তাই চিকিৎসকেরা তাঁকে গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতাল স্থানান্তর করতে পরামর্শ দেন। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই নিমিশার মৃত্যু হয়।

শুক্রবার বিকেল ৫টা নাগাদ  নিমিশা বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়েছিলেন। পরে মাকে ফোন করে জানান, বন্ধুদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের হস্টেলের থাকবেন। নিমিশার প্রেমিক অশিক আলি পেশায় রঙমিস্ত্রি। আশিকের সঙ্গে গত কয়েক বছর ধরে সম্পর্কে ছিলেন নিমিশা। হোমস্টের কর্মীদের দাবি, রাত সাড়ে ৯টা নাগাদ তাঁরা খাবারের অর্ডার করেছিলেন। হোমস্টের কর্মীরা ঘরে গিয়ে খাবার পরিবেশন করে। পুলিশ সূত্রের খবর, চলতি মাসে নিমিশাকে নিয়ে অশিক আলি গুয়াহাটির ওই হোমস্টেতে পাঁচ বার এসেছিল। কোনও নথিপত্র ছাড়াই তাঁদের ওই হোমস্টেতে ছিল। অনিয়মের অভিযোগে হোমস্টে সিল করে দেওয়া হয়েছে বলে পূর্ব গুয়াহাটির পুলিশ কমিশনার বালিন দেওরি জানিয়েছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিমিশার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট সামনে আসার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে এক পুলিশকর্তা জানিয়েছেন। নিমিশা ঠাকুরিয়াকে হত‍্যার অভিযোগে তাঁর প্রেমিক আশিক আলিকে পুলিশ গ্রেফতার করেছে। হোমস্টের মালিককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কেন এবং কীভাবে আশিক আলি নিমিশাকে হোমস্টেতে নিয়ে গিয়ে এই ঘটনা ঘটাল, তা জানতে আশিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

অন‍্য দিকে, রবিবার ধরাপুর এলাকার স্থানীয় বাসিন্দারা জাতীয় সড়ক অবরোধ করেন। হিন্দু তরুণীকে নৃশংস ভাবে হত্যার প্রতিবাদে তাঁরা বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের বক্তব‍্য, নিমিশা ‘লাভ জিহাদ’-এর শিকার হয়েছেন। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।


Share