Cannabis Seized

তাহেরপুরে পুলিশের বড় সাফল্য, ১০ কেজি গাঁজা-সহ দু'জন গ্রেফতার, বড় মাদক চক্রের খোঁজে তদন্ত

মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যজুড়ে মাদকবিরোধী অভিযানে আরও জোর দিয়েছে পুলিশ। তদন্তকারীদের দাবি, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে মাদক পাচার চক্রের মূল হোতাদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ গাঁজা।
নিজস্ব সংবাদদাতা, নদিয়া
  • শেষ আপডেট: ১৩ জুলাই ২০২৬ ০৩:৩৬

গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা-সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করল নদিয়ার তাহেরপুর থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে আনুমানিক ১০ কেজি গাঁজা, দুটি মোবাইল ফোন, নগদ টাকা এবং একটি টোটো গাড়ি উদ্ধার করা হয়েছে। সেগুলি বাজেয়াপ্ত করা হয়েছে।

পুলিশের দাবি, উদ্ধার হওয়া গাঁজা তাহেরপুর থানা এলাকায় সরবরাহ করার উদ্দেশ্যেই নিয়ে আসা হচ্ছিল। তার আগেই গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে হাতেনাতে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম বিশ্বজিৎ কর্মকার ও প্রতীক প্রামাণিক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুজনেই শান্তিপুর থানার কোন্দোখোলা এলাকার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, ধৃতদের আদালতে পেশ করে পুলিশি হেফাজতের আবেদন করা হয়েছে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, এই ঘটনার সঙ্গে একটি বড় মাদক পাচার চক্র জড়িত থাকতে পারে। সেই চক্রের মূল হোতাদের চিহ্নিত করতে তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যেই পার্শ্ববর্তী জেলার কয়েকজন সন্দেহভাজনের নাম পুলিশের হাতে এসেছে। আদালত থেকে পুলিশি হেফাজতের অনুমতি মিললেই তাঁদের জিজ্ঞাসাবাদ করে বৃহত্তর মাদক চক্রের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।

পুলিশের দাবি, মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে রাজ্যজুড়ে মাদকবিরোধী অভিযান আরও কড়া করা হয়েছে। মাদক পাচার ও বিক্রির বিরুদ্ধে যেমন কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে, তেমনই মাদক সেবনকে কেন্দ্র করে বেড়ে চলা অপরাধমূলক কর্মকাণ্ড রুখতেও বিশেষ নজর দিচ্ছে পুলিশ। সেই লক্ষ্যেই তাহেরপুর থানার এই অভিযানকে গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখছেন তদন্তকারীরা।


Share