Murder

সিঁধ কেটে ঘরে ঢুকে শুধু চুরির পরে প্রৌঢ় গৃহবধূকে ইট দিয়ে থেঁতলে খুন! দেহ উদ্ধার করে পাঠানো হল হাসপাতালে, তদন্তে শান্তিপুর থানার পুলিশ

চুরি করতে এসে গৃহবধূকে ইট দিয়ে থেঁতলে খুনের অভিযোগ। মধ্যরাতে শান্তিপুরের নাবলা পঞ্চায়েতের প্রফুল্লনগর ভূতের মেলার পাড়া এলাকায় ঘটে এই ঘটনা।

সিঁধ কেটে চুরির পর খুন করল
নিজস্ব সংবাদদাতা, শান্তিপুর
  • শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬ ০১:২৪

চোর এসেছিল চুরি করতে। চুরির পরে খুন করল। মধ্যরাতে শান্তিপুর থানার নাবলা পঞ্চায়েতের প্রফুল্লনগর ভূতের মেলার পাড়া এলাকায় এমন ঘটনাটি ঘটেছে। আক্রোশের বশে এক পঞ্চাশোর্ধ্ব গৃহবধূকে ইট দিয়ে থেঁতলে খুনের অভিযোগ চোরের বিরুদ্ধে। মৃতার নাম এখনও প্রকাশ্যে আসেনি।

পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল রাত সাড়ে ১২টা নাগাদ আচমকা কিছু অস্বাভাবিক শব্দ শুনতে পান মৃতার বৌমা মৌমিতা বিশ্বাস। ঘর থেকে বেরোতে গিয়ে তিনি দেখেন, তাঁদের ঘরের দু’টি দরজাই বাইরে থেকে বন্ধ। দরজা মোবাইলের চার্জারের তার দিয়ে বাঁধা রয়েছে। তিনি কোনও রকমে তার কাটেন। তারপর বাইরে বেরিয়ে মৌমিতা শাশুড়ির ঘরে যান। সেখানে গিয়ে দেখেন, বিছানার ওপর রক্তাক্ত অবস্থায় তাঁর শাশুড়ি পড়ে রয়েছেন। পাশে পড়েছিল একটি ইট। ঘরের মেঝে ও বিছানায় ছড়িয়ে ছিল ভাঙা শাখা এবং দাঁত। পরিবারের অভিযোগ, বাড়ির দু’টি জায়গায় সিঁধও কাটা হয়েছিল। তবে তাঁদের অভিযোগ, এটি নিছক চুরির ঘটনা নয়।

মৃতার আত্মীয় তথা স্থানীয় পঞ্চায়েত সদস্য প্রভা বিশ্বাসের দাবি, এক ব্যক্তির কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় আক্রোশ থেকেই এই খুন করা হয়েছে। একই অভিযোগ করেছেন মৃতার ছেলে অভি বিশ্বাস, বৌমা মৌমিতা বিশ্বাস এবং মেয়ে লক্ষী বিশ্বাস মণ্ডল। তবে তদন্তের স্বার্থে অভিযুক্তের নাম এই মুহূর্তে প্রকাশ্যে আনতে চাইছে না পরিবার।

খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। সেখান থেকে একটি হেঁসো উদ্ধার করা হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে বাড়ির আশপাশে কোনও সিসিটিভি ক্যামেরার সন্ধান মেলেনি। তাই কাছাকাছি এলাকার অন্যান্য সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

ঠিক কী কারণে এই খুন এবং এই ঘটনার নেপথ্যে কারা রয়েছে, তা খতিয়ে দেখছে শান্তিপুর থানার পুলিশ। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে মৃতার পরিবার।


Share