Post Poll Violence

বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোমার নমুনা সংগ্রহ করে তদন্ত শুরু করেছে। যদিও অভিযোগের বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

শান্তিপুর থানার পুলিশ বোমার নমুনা সংগ্রহ করে তদন্ত শুরু করেছে।
নিজস্ব সংবাদদাতা, শান্তিপুর
  • শেষ আপডেট: ৩১ মে ২০২৬ ১১:৩০

রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে কেন্দ্র করে ফের উত্তপ্ত নদিয়ার শান্তিপুর। বিজেপি করার ‘অপরাধে’ এক বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে পরপর বোমাবাজির অভিযোগ উঠল। ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। শুক্রবার রাতে শান্তিপুর থানার অন্তর্গত নবলা গ্রাম পঞ্চায়েতের ফুলিয়া গৌরাঙ্গপল্লী এলাকায় ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত জীবন দাস ওই এলাকার একজন সক্রিয় বিজেপি কর্মী। অভিযোগ, দীর্ঘদিন ধরেই রাজনৈতিক কারণে তাঁকে এবং তাঁর পরিবারকে বিভিন্নভাবে হেনস্তার মুখে পড়তে হয়েছে। এলাকার একাংশের দাবি, তৃণমূলের শাসনকালেও বিরোধী রাজনৈতিক মতাদর্শের সমর্থকদের উপর চাপ সৃষ্টি করা হত। প্রতিবাদ করলেই হুমকি ও মারধরের অভিযোগও রয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় তৃণমূলের প্রভাবশালী নেতা নরোত্তম ঘোষ ও তাঁর অনুগামীরা দীর্ঘদিন ধরে সন্ত্রাসের পরিবেশ তৈরি করে রেখেছেন। ভোটের সময় সাধারণ ভোটারদের উপর চাপ সৃষ্টি করা। ভয় দেখানো। বিরোধী সমর্থকদের হেনস্তার মতো ঘটনাও ঘটেছে বলে তাঁদের দাবি।

অভিযোগ, শুক্রবার গভীর রাতে জীবন দাসের বাড়ি লক্ষ্য করে একাধিক বোমা ছোড়া হয়। গোটা এলাকা বিকট শব্দে কেঁপে ওঠে। বোমার ধোঁয়ায় চারপাশ ঢেকে যায়। গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

ঘটনার খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয়। পুলিশ বোমার নমুনা সংগ্রহ করে তদন্ত শুরু করেছে। কারা এই ঘটনার সঙ্গে জড়িত এবং কী কারণে হামলা চালানো হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

যদিও এই অভিযোগের বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে।


Share