Bomb Recovery

নদিয়ার শান্তিপুরের একটি কলাবাগানে মজুত ১৮টি তাজা বোমা, নিষ্ক্রিয় করল বোম স্কোয়াড

অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ বাহিনী মোতায়েন ছিল। ঘটনাস্থলে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও উপস্থিত ছিলেন।

ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ বাহিনী মোতায়েন ছিল।
নিজস্ব সংবাদদাতা, শান্তিপুর
  • শেষ আপডেট: ০১ জুন ২০২৬ ০৭:১৮

নদিয়ার শান্তিপুরে একটি কলাবাগান থেকে উদ্ধার হওয়া ১৮টি তাজা বোমা উদ্ধার হয়েছে। যা বোম স্কোয়াডের তৎপরতায় নিষ্ক্রিয় করা হয়। সোমবার দুপুরে কড়া নিরাপত্তার মধ্যেই এই অভিযান চালানো হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় পুলিশ শান্তিপুরের ফুলিয়া কৃষিপল্লী এলাকায় একটি কলাবাগানের মধ্যে বিপুল পরিমাণ তাজা বোমা মজুত থাকার খবর পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। মোট ১৮টি তাজা বোমা উদ্ধার করা হয়। 

কে বা কারা ওই বোমাগুলি সেখানে লুকিয়ে রেখেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। শান্তিপুর থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করে। এরপর বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়।

সোমবার দুপুরে বোম স্কোয়াডের একটি বিশেষ দল শান্তিপুর থানায় পৌঁছোয়। পরে থানার আওতাধীন একটি নিরাপদ স্থানে নিয়ে গিয়ে একে একে সমস্ত বোমা নিষ্ক্রিয় করা হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ বাহিনী মোতায়েন ছিল। ঘটনাস্থলে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও উপস্থিত ছিলেন। নিরাপত্তার স্বার্থে দমকল বাহিনীর একটি ইঞ্জিনও রাখা হয়েছিল।

উল্লেখ্য, ভোট-পরবর্তী সময়ে শান্তিপুর থানা এলাকার বিভিন্ন প্রান্ত থেকে একাধিকবার তাজা বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে। পূর্বে উদ্ধার হওয়া কিছু বোমার সঙ্গে এদিনের উদ্ধার হওয়া বোমাগুলি একযোগে নিষ্ক্রিয় করা হয়।

পুলিশের দাবি, এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন সর্বদা তৎপর রয়েছে। সমাজবিরোধী কার্যকলাপ দমনে নজরদারি আরও বাড়ানো হয়েছে। অপরাধ দমনে আগামী দিনেও একইভাবে কঠোর ভূমিকা পালন করবে পুলিশ প্রশাসন।


Share