Cannabis Seized

তুষের বস্তার আড়ালে ১২৫ কেজি গাঁজা, নবদ্বীপে পুলিশের জালে সাত জন

ঘটনায় সাতজনকে গ্রেফতার করা হয়েছে এবং একটি লরি ও স্করপিও গাড়ি আটক করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, এটি আন্তঃরাজ্য মাদক পাচারচক্রের অংশ।

প্রায় ১২৫ কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়।
নিজস্ব সংবাদদাতা, নবদ্বীপ
  • শেষ আপডেট: ২৪ জুন ২০২৬ ০৯:১১

গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে নবদ্বীপ থানার পুলিশ বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল। মঙ্গলবার গভীর রাতে নবদ্বীপের গৌরাঙ্গ সেতু রোড সংলগ্ন কেশবজী গৌড়ীয় মঠের কাছে একটি সন্দেহজনক লরিতে তল্লাশি চালানো হয়। এখান থেকে প্রায় ১২৫ কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়। ঘটনায় মোট সাতজনকে পুলিশ গ্রেফতার করেছে। পাশাপাশি একটি লরি ও একটি স্করপিও গাড়িকেও আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উড়িষ্যা থেকে আসা লরিটি নদিয়ার নাজিরপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। নবদ্বীপ থানার পুলিশ গোপন সূত্রে মাদক পাচারের খবর পায়। ওই এলাকায় নজরদারি শুরু করে। এরপর গভীর রাতে লরি এবং তার সঙ্গে চলা একটি স্করপিও গাড়িকে আটক করা হয়। তল্লাশি চালানো হয়।

তদন্তে জানা যায়, লরিতে শতাধিক তুষের বস্তা বোঝাই ছিল। সেই বস্তাগুলির আড়ালে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা হয়েছিল বিপুল পরিমাণ গাঁজা। পুলিশ প্রায় ১২৫ কেজি গাঁজা উদ্ধার করে। লরিতে চালক-সহ তিনজন ছিলেন। স্করপিও গাড়িতে চারজন ছিলেন। পুলিশের প্রাথমিক অনুমান, স্করপিও গাড়িটি লরিটিকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য এসকর্ট হিসেবে ব্যবহার করা হচ্ছিল।

অভিযানের খবর পেয়ে ঘটনাস্থলে নবদ্বীপ থানার উচ্চপদস্থ আধিকারিকরা এবং জেলা পুলিশের কর্তারা পৌঁছোন । উদ্ধার হওয়া গাঁজার উৎস, সম্ভাব্য গন্তব্য এবং এর সঙ্গে কোনও আন্তঃরাজ্য মাদক পাচারচক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

ধৃত সাতজনকে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে তাঁদের আদালতে পেশ করা হবে। তদন্তকারীদের আশা, ধৃতদের জেরায় এই পাচারচক্র সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে। পুলিশের এই অভিযানে বড়সড় মাদক পাচারের ছক ভেস্তে যাওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


Share