Arrest

মোজমপুরে দড়িবাঁধা অভিযুক্তকে ঘোরাল পুলিশ, অপরাধ দমনে কড়া বার্তার দাবি প্রশাসনের

দীর্ঘদিন ধরে অপরাধ জগতের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে অভিযুক্ত মোজমপুরের বাসিন্দা সারিউল শেখকে কোমরে দড়ি বেঁধে জনসম্মুখে ঘোরানো হয়।

কোমরে দড়ি বেঁধে ঘোরানো হল সারিউল শেখকে।
নিজস্ব সংবাদদাতা, মালদহ
  • শেষ আপডেট: ২৫ জুন ২০২৬ ১০:৫৬

মালদহের কালিয়াচকের যদুপুরের পর এ বার মোজমপুরেও কড়া বার্তা দিল পুলিশ। দীর্ঘদিন ধরে অপরাধ জগতের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে অভিযুক্ত মোজমপুরের বাসিন্দা সারিউল শেখকে কোমরে দড়ি বেঁধে জনসম্মুখে ঘোরানো হয়। কালিয়াচক থানার পুলিশের এই পদক্ষেপকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছরের পর বছর ধরে মোজমপুর এলাকা মারপিট, খুন এবং মাদক পাচারের মতো অপরাধমূলক ঘটনার প্রায়শই ঘটে। যদিও সাম্প্রতিক সময়ে খুনোখুনির ঘটনা তুলনামূলকভাবে কমেছে, তবুও মাদক কারবারকে কেন্দ্র করে এলাকাটির নাম বারবার সামনে এসেছে। স্থানীয়দের একাংশের অভিযোগ, রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে এলাকায় প্রভাবশালী মহলেরও অবস্থান বদলেছে এবং ক্ষমতার ছত্রছায়ায় থেকেই তারা নিজেদের প্রভাব বজায় রেখেছে।

পুলিশ সূত্রে খবর, রাজ্যে প্রশাসনিক পরিবর্তনের পর দাগি অপরাধীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হয়েছে। সেই অভিযানের অংশ হিসেবেই কয়েক দিন আগে সারিউল শেখকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার বিশাল পুলিশবাহিনীর উপস্থিতিতে তাকে তার প্রভাব বিস্তারের এলাকায় নিয়ে যাওয়া হয় এবং জনসমক্ষে ঘোরানো হয়। অভিযানের সময় এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়।

এলাকাবাসীর একাংশের দাবি, দীর্ঘদিন ধরে অপরাধমূলক কার্যকলাপের সঙ্গে যুক্ত বলে পরিচিত বিভিন্ন গোষ্ঠীর প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপ শুরু হওয়ায় সাধারণ মানুষের মধ্যে শান্তি ও নিরাপত্তা ফেরার আশা জেগেছে। তবে পুলিশি এই পদক্ষেপ নিয়ে আইনগত ও মানবাধিকার সংক্রান্ত প্রশ্নও উঠতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকদের একাংশ।

পুলিশের দাবি, অপরাধমূলক কার্যকলাপের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েই অভিযান চালানো হচ্ছে এবং ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।


Share