Road Accident

সপ্তমীর ভোরে পথদুর্ঘটনা, আনন্দপুরে বাইক-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু যুবকের, আহত আরও এক

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাইক ও চার চাকার গাড়িটি পুলিশ বাজেয়াপ্ত করেছে। গাড়ির চালকের খোঁজে তদন্ত শুরু হয়েছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৬ ০৫:১৬

পুজোর সপ্তমীতে বিপত্তি। কলকাতার আনন্দপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু এক যুবকের। শনিবার ভোরে চৌবাগা রোড ও আনন্দপুর রোডের সংযোগস্থল আরবানা ক্রসিংয়ে একটি বাইকের সঙ্গে চার চাকার গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় বাইকচালকের মৃত্যু হয়েছে। মৃতের নাম প্রত্যুষ পানাই (৩০)। বাইকে থাকা আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার সময় বাইকচালক ও তাঁর সঙ্গী দু’জনেই মত্ত অবস্থায় ছিলেন। কারও মাথাতেই হেলমেট ছিল না বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, শনিবার ভোর ৪টের কিছু পরে ঘটনাটি ঘটে। প্রত্যুষের সঙ্গে বাইকে ছিলেন প্রসূন কুমার (২৭)। তিনি মেঘনাথ সাহা ইনস্টিটিউটের পড়ুয়া। তাঁর বাড়ি ঝাড়খণ্ডের গোড্ডায়। দু’জনে চৌবাগা রোড থেকে আনন্দপুর রোডের দিকে যাচ্ছিলেন। সেই সময় মোড় ঘোরার সময় উল্টো দিক থেকে আসা একটি কালো রঙের চার চাকার গাড়ির সঙ্গে বাইকটির সরাসরি ধাক্কা লাগে। সংঘর্ষের জেরে রাস্তায প্রত্যুষ ও প্রসূন রাস্তায় ছিটকে পড়েন। দুর্ঘটনার পর গাড়িটি ঘটনাস্থলে ফেলে রেখেই চালক পালিয়ে যান।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দু’জনকে উদ্ধার করা হয়। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে এনআরএস হাসপাতালে পৌঁছোনোর আগেই প্রত্যুষের মৃত্যু হয় বলে জানা গিয়েছে। দুর্ঘটনায় তাঁর মাথায় গুরুতর আঘাত লেগেছিল। অন্যদিকে, আহত প্রসূন বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাইক ও চার চাকার গাড়িটি পুলিশ বাজেয়াপ্ত করেছে। গাড়ির চালকের খোঁজে তদন্ত শুরু হয়েছে।


Share