Bangladeshi

পার্ক স্ট্রিটের হোম থেকে নিখোঁজ এক বাংলাদেশি-সহ তিন মহিলা! এক বছর পরে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল পুলিশ

তিন মহিলার খোঁজ এখনও পাওয়া যায়নি বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনাটি পার্ক স্ট্রিটের অল বেঙ্গল উইমেনস ইউনিয়ন নামে একটি হোমে ঘটনাটি ঘটেছিল বলে জানা গিয়েছে।

এই হোম থেকেই নিখোঁজ হয় তিন মহিলা।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৭ আগস্ট ২০২৬ ১০:০৭

পার্ক স্ট্রিটের একটি হোম থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ হল এক বাংলাদেশি মহিলা। শুধু তাই নয় একই দিনে আরও তিন মহিলা নিখোঁজ হয়েছে। অভিযোগ, তাঁদের অপহরণ করে অজ্ঞাত স্থানে বেআইনি ভাবে আটক করে রাখা হয়েছে। ঘটনায় ভারতীয় ন‍্যায় সংহিতার নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।

নিখোঁজ তিন মহিলার নাম রুনা বেগম (৩১), সুচিত্রা (৩৯) এবং মনীষা কুমারী (১৯)। এদের মধ্যে রুনা বেগম বাংলাদেশের বাসিন্দা। রুনা বাংলাদেশের ঢাকার বাসিন্দা। সুচিত্রা মূক ও বধির। মনীষা বিহারের ভোজপুরের বাসিন্দা। তিন মহিলার খোঁজ এখনও পাওয়া যায়নি বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনাটি পার্ক স্ট্রিটের অল বেঙ্গল উইমেনস ইউনিয়ন নামে একটি হোমে ঘটনাটি ঘটেছিল বলে জানা গিয়েছে।

অভিযোগপত্র অনুযায়ী, গত বছরের ২১ জুন মাসে রাত আড়াইটে নাগাদ অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা প্রতারণামূলক উপায়ে শক্তি সদনে থাকা তিন আবাসিককে হোমের থেকে পালিয়ে যেতে প্ররোচিত করে। তাঁদের উদ্দেশ্য ছিল ওই ব্যক্তিদের কোনও গোপন স্থানে বেআইনি ভাবে আটকে রাখা। সেই ঘটনা গত বছর ঘটলেও তা চেপে যাওয়ার চেষ্টা করে। চলতি বছরে গত ১৫ অগস্ট পার্ক স্ট্রিট থানায় একটি সাধারণ ডায়রি করা হয়। তার ভিত্তিতে পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে। ভারতীয় ন‍্যায় সংহিতার ১৪০(৩) নম্বর ধারায় অপহরণের অভিযোগ দায়ের করা হয়েছে। অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, কিছুদিন আগেই কড়েয়া এলাকার একটি হোম থেকে বাংলাদেশি নাবালিকা পালিয়ে যায়। এ বার পার্ক স্ট্রিটের হোম থেকে একসঙ্গে তিন মহিলা নিখোঁজের ঘটনা সামনে এল।


Share