Rape Case

পানীয়ের সঙ্গে মাদক মিশিয়ে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, বাড়িতে ডাকা হয় নাবালিকাকে, লেক টাউনে গ্রেফতার গৃহশিক্ষক

নির্যাতিতার মেডিকেল পরীক্ষা করানো হয়েছে। পাশাপাশি ঘটনাস্থল থেকে পুলিশ নমুনা সংগ্রহ করেছে। পানীয়ের সাথে মাদক মেশানো হয়েছিল কি না, তা জানতে ফরেন্সিক পরীক্ষা করানো হতে পারে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

অভিযুক্তকে নিয়ে যাওয়া হচ্ছে আদালতে।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১২ জুলাই ২০২৬ ০৬:৫৪

উচ্চমাধ্যমিকের ছাত্রীর অভিযোগের ভিত্তিতে গৃহশিক্ষককে গ্রেফতার করল লেক টাউন থানার পুলিশ। ধৃতের নাম অনিমেষ নাগ। অভিযোগ, পড়ানোর অজুহাতে ছাত্রীকে নিজের বাড়িতে ডেকে এনে পানীয়ের সঙ্গে মাদক মিশিয়ে ধর্ষণ করেন তিনি।

পুলিশ সূত্রের খবর, অভিযুক্ত অনিমেষ নাগ দীর্ঘদিন ধরে ওই ছাত্রীর গৃহশিক্ষক হিসেবে ছিলেন। ছাত্রীর অভিযোগ, টিউশন পড়ানোর কথা বলে অনিমেষ তাঁকে নিজের বাড়িতে আসতে বলেন। সেখানে পৌঁছোনোর পর ছাত্রীকে একটি পানীয় খেতে দেওয়া হয়। ছাত্রীর দাবি, সেই পানীয়ে মাদকজাতীয় পদার্থ মেশানো ছিল। পানীয়টি খাওয়ার কিছু ক্ষণের মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েন। অভিযুক্ত সেই অসুস্থতার সুযোগ নিয়েই তাঁকে ধর্ষণ করেন।

পরিবারের অভিযোগের ভিত্তিতে লেক টাউন থানায় মামলা দায়ের হয়। তদন্তে নেমে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। নির্যাতিতার মেডিকেল পরীক্ষা করানো হয়েছে। পাশাপাশি ঘটনাস্থল থেকে পুলিশ নমুনা সংগ্রহ করেছে। পানীয়ের সাথে মাদক মেশানো হয়েছিল কি না, তা জানতে ফরেন্সিক পরীক্ষা করানো হতে পারে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

বিধাননগর পুলিশের এক কর্তা জানিয়েছেন, প্রাথমিক তদন্তের ভিত্তিতেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তদন্তে নতুন তথ্য সামনে এলে সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করা হবে।ভারতীয় ন‍্যায় সংহিতার যৌন নির্যাতনের ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃতকে রবিবার আদালতে হাজির করানো হয়েছে। 


Share