High Court

স্থায়ী প্রধান বিচারপতি পেতে চলেছে কলকাতা হাই কোর্ট, বম্বে থেকে থেকে আসছেন বিচারপতি ঘু্ঘে, কেন্দ্রকে সুপারিশ করল কলেজিয়াম

বিচারপতি রবীন্দ্র ভি ঘুঘে ঔরঙ্গাবাদের এমপি ল’কলেজ থেকে আইনের ডিগ্রি পেয়েছেন। ১৯৯০ সালে আইনের পেশায় এসেছেন। বম্বে হাই কোর্ট এবং শিল্প আদালতের একাধিক গুরুত্বপূর্ণ মামলা তিনি লড়ছেন। ২০১৩ সালে বম্বে হাই কোর্টের বিচারপতি হিসেবে দায়িত্ব নেন।

বিচারপতি রবীন্দ্র ভি ঘুঘে।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৯ আগস্ট ২০২৬ ০৯:২০

স্থায়ী প্রধান বিচারপতি পেতে চলেছে কলকাতা হাই কোর্ট। বিচারপতি রবীন্দ্র ভি ঘুঘেকে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি হিসেবে সুপারিশ করেছে সুপ্রিম কোর্টের কলেজিয়াম। বর্তমানে তিনি বম্বে হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

গত ২০ জুন বিচারপতি সুজয় পাল প্রধান বিচারপতি পদ থেকে অবসর নিয়েছেন। তার পর থেকে বিচারপতি তপব্রত চক্রবর্তী কলকাতা হাই কোর্টে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন। এ বার স্থায়ী প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নিতে চলেছেন বিচারপতি রবীন্দ্র ভি ঘুঘে। 

জানা গিয়েছে, গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের কলেজিয়ামের বৈঠক ছিল। দেশের প্রধান বিচারপতির নেতৃত্বে সেই বৈঠক হয়েছে। সেই বৈঠকেই বম্বে হাই কোর্টের বিচারপতি ঘুঘেকে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট একটি বিজ্ঞপ্তি জারি করেছে। সুপ্রিম কোর্টের কলেজিয়ামের সিদ্ধান্ত কেন্দ্রীয় আইন মন্ত্রকের কাছে পাঠানো হয়েছে। কেন্দ্রীয় আইন মন্ত্রক তাতে সিলমোহর দেওয়ার পরেই বিচারপতি ঘুঘে কলকাতা হাই কোর্টের স্থায়ী প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন। 

বিচারপতি রবীন্দ্র ভি ঘুঘে ঔরঙ্গাবাদের এমপি ল’কলেজ থেকে আইনের ডিগ্রি পেয়েছেন। ১৯৯০ সালে আইনের পেশায় এসেছেন। বম্বে হাই কোর্ট এবং শিল্প আদালতের একাধিক গুরুত্বপূর্ণ মামলা তিনি লড়ছেন। ২০১৩ সালে বম্বে হাই কোর্টের বিচারপতি হিসেবে দায়িত্ব নেন। গত জুন মাসে বম্বে হাই কোর্টের প্রধান বিচারপতি পদ থেকে অবসর নেন শ্রী চন্দ্রশেখর। তার পর থেকেই বিচারপতি রবীন্দ্র ভি ঘুঘে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব সামলাচ্ছেন।

সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিচারপতি ভি কামেশ্বর রাও পটনা হাই কোর্টের প্রধান বিচারপতি হতে চলেছেন। তিনি বর্তমানে দিল্লি হাই কোর্টের বিচারপতি রয়েছেন। বিচারপতি মহেশচন্দ্র ত্রিপাঠি বম্বে হাই কোর্টে প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নিতে চলেছেন। তিনি বর্তমানে এলাহাবাদ হাই কোর্টের বিচারপতি রয়েছেন। বিচারপতি অশ্বিনীকুমার মিশ্র পঞ্জাব এবং হরিয়ানা হাই কোর্টের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নিতে চলেছেন। 


Share