Tax Collection

রাজস্ব বাড়াতে পুরসভাগুলিকে নতুন রোডম্যাপ, হোর্ডিং, পার্কিং ফি, কর আদায়ে জোর, বেআইনি নির্মাণে কড়া পদক্ষেপ

পাশাপাশি বাসস্ট্যান্ড, বাজার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকায় হোর্ডিং বসানোর জন্য নির্দিষ্ট স্থান চিহ্নিত করে সর্বোচ্চ রাজস্ব আদায়ের পরিকল্পনা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৬ জুন ২০২৬ ০৩:১০

বর্ষাকালে জমা জলের কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা রুখতে আগাম উদ্যোগ নিল রাজ্য সরকার। পুর ও নগরোন্নয়ন দফতর নির্দেশ দিয়েছে, সংশ্লিষ্ট পুরসভাগুলিকে বিদ্যুৎ বণ্টন সংস্থার সঙ্গে সমন্বয় করে ১৫ জুনের মধ্যে সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করতে হবে এবং প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করতে হবে। গৃহীত পদক্ষেপের বিস্তারিত রিপোর্টও দফতরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে পুরসভাগুলির রাজস্ব বৃদ্ধি ও সুশাসনের উপর জোর দিচ্ছে রাজ্য সরকার। ট্রেড লাইসেন্স ও সম্পত্তি কর আদায়ের পাশাপাশি বাসস্ট্যান্ড, বাজার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকায় হোর্ডিং বসানোর জন্য নির্দিষ্ট স্থান চিহ্নিত করে সর্বোচ্চ রাজস্ব আদায়ের পরিকল্পনা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অবৈধ হোর্ডিং দ্রুত সরিয়ে ফেলার পাশাপাশি রাজস্ব ফাঁকি রোধেও নজর দিতে বলা হয়েছে।

প্রতিটি পুরসভাকে তাদের সম্ভাব্য আয়ের সমস্ত উৎস চিহ্নিত করে তালিকা প্রস্তুত করতে হবে। কোন খাত থেকে মাসিক ও বার্ষিক কত আয় হতে পারে, সেই তথ্যও উল্লেখ করতে হবে। পরবর্তী পর্যায়ে এই সম্পদগুলিকে ডিজিটাল ইনভেনটরি অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় আনা হবে।

দফতরের পর্যবেক্ষণ, বহু পুর এলাকায় বেআইনি নির্মাণের পাশাপাশি আবাসিক ভবন অনুমতি ছাড়াই বাণিজ্যিক কাজে ব্যবহার করা হচ্ছে। কোথাও গুদামও চালানো হচ্ছে, অথচ প্রয়োজনীয় ফায়ার লাইসেন্স, ট্রেড লাইসেন্স বা অন্যান্য সরকারি অনুমোদন নেই। এ ধরনের ভবন অবিলম্বে চিহ্নিত করে নোটিস দিতে এবং প্রয়োজন অনুযায়ী আইনি ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। গৃহীত পদক্ষেপের সাপ্তাহিক অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দিতে হবে সংশ্লিষ্ট পুর কর্তৃপক্ষকে।

এছাড়া রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় পার্কিং ফি চালুর পরামর্শ দিয়েছে পুর ও নগরোন্নয়ন দফতর। কোথায় পার্কিংয়ের ব্যবস্থা থাকবে এবং ফি কত হবে, তা স্পষ্টভাবে সাইনবোর্ডে উল্লেখ করতে হবে। পার্কিং স্লিপ চালুর পাশাপাশি ফি সংগ্রহকারীদের জন্য নির্দিষ্ট ড্রেস কোড চালুর বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।


Share