Calcutta High Court

‘প্রায় প্রতিদিনই নতুন মামলা’, দিলীপ মণ্ডলের ৩৯ এফআইআরের দ্রুত শুনানি চাইলেন আইনজীবী, আবেদন খারিজ হাই কোর্টে

সেই মামলা এখনও বিচারাধীন। দ্রুত শুনানির আবেদন জানিয়ে তাঁর আইনজীবী কিশোর দত্ত সোমবার ফের আদালতের দৃষ্টি আকর্ষণ করেন। তবে আদালত সেই আবেদন খারিজ করে দেয়।

দিলীপ মণ্ডলের মামলার দ্রুত শুনানির আবেদন খারিজ করল কলকাতা হাই কোর্ট।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৭ আগস্ট ২০২৬ ০২:০৯

তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের মামলার দ্রুত শুনানির আবেদন খারিজ করল কলকাতা হাই কোর্ট। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের বিধায়ক দিলীপকে পুলিশ গত মে মাসে গ্রেফতার করে। হুমকি দেওয়া ও অশান্তি পাকানো-সহ একাধিক অভিযোগে তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া চারটি এফআইআর চ্যালেঞ্জ করে দিলীপ হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সেই মামলা এখনও বিচারাধীন। দ্রুত শুনানির আবেদন জানিয়ে তাঁর আইনজীবী কিশোর দত্ত সোমবার ফের আদালতের দৃষ্টি আকর্ষণ করেন। তবে আদালত সেই আবেদন খারিজ করে দেয়।

দিলীপের আইনজীবীর দাবি, তাঁর মক্কেলের বিরুদ্ধে একের পর এক এফআইআর দায়ের করা হচ্ছে। নানা অভিযোগে প্রায় প্রতিদিনই পুলিশ নতুন মামলা রুজু করছে। এখনও পর্যন্ত সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯-এ। এই পরিস্থিতিতে মামলাগুলির দ্রুত শুনানি প্রয়োজন বলে তিনি আদালতে আবেদন জানান।

কলকাতা হাই কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে দ্রুত শুনানির আবেদন জানানো হলেও বিচারপতি তা গ্রহণ করেননি। তিনি জানান, দিলীপের একটি মামলার শুনানি আগামী শুক্রবার হতে পারে। তার আগে শুনানি সম্ভব নয়। মামলাটি আদালতের নির্ধারিত তালিকা অনুযায়ীই উচ্চ আদালত শুনবে।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যজুড়ে তৃণমূলের ভরাডুবির মধ্যেও দিলীপ মন্ডল নিজের কেন্দ্র থেকে জয়ী হন। তবে ফলপ্রকাশের পর থেকেই তিনি কার্যত বেপাত্তা ছিলেন। এলাকায় তাঁর দেখা মেলেনি। এর মধ্যেই তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের হয়। পুলিশ তাঁর পুত্রকেও গ্রেফতার করে। সেই সময় দিলীপের একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। অভিযোগ ওঠে, ওই ভিডিয়োয় দিলীপকে অন্য দলের কর্মী-সমর্থকদের হুমকি দিতে দেখা গিয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করে এবং পৈলানের বাড়িতেও তল্লাশি চালায়। পরে পুরীর একটি হোটেল থেকে দিলীপকে গ্রেফতার করা হয়।


Share