Kolkata Municipal Corporation

বর্ষার প্রস্তুতি নিয়ে বৈঠক কলকাতা পুরসভার, গরহাজির ৩২ জন কাউন্সিলর, কী ভাবে দুর্যোগের মোকাবিলা? উঠছে প্রশ্ন

বর্ষা নিয়ে প্রস্তুতি খতিয়ে দেখতে বৈঠকে বসল কলকাতা পুরসভা। বৈঠক শেষে কমিশনার স্মিতা পান্ডে জানালেন, বিভিন্ন দফতরকে নিয়ে যৌথ পরিদর্শন শুরু হবে শীঘ্রই।

নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৮ জুন ২০২৬ ০৭:৫৬

সামনেই বর্ষাকাল। বর্ষাতে কলকাতার নাম প্রায় শীর্ষেই থাকে। বর্ষা যেহেতু দোরগোড়ায় দাঁড়িয়ে তাই সেমবার কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পান্ডে বৈঠক করেন। এর পরেই তিনি সাংবাদিক বৈঠকের মাধ্যমে জানান, বর্ষা মোকাবিলায় প্রশাসনের প্রস্তুতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিধায়ক-সহ বিভিন্ন জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন। একাধিক সরকারি দফতরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। কমিশনার জানান, আগামী বুধবারের মধ্যে বিভিন্ন এলাকার পরিদর্শন করা হবে। পিডব্লিউডি, সেচ দফতর-সহ সংশ্লিষ্ট দফতরগুলিকে নিয়ে যৌথ পরিদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে এ দিন বৈঠকে ৩২ জন কাউন্সিলর অনুপস্থিত ছিলেন। তাহলে কি কাউন্সিলর দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন তাঁরা? এই প্রশ্নের জবাবে কমিশনার স্পষ্ট জানান, এই অনুপস্থিতির কারণে প্রশাসনিক কাজে কোনও সমস্যা হবে না। 

বৈঠকে জেলার বিভিন্ন প্রান্তের ছোটখাটো সমস্যা ও সম্ভাব্য ঝুঁকির বিষয়েও আলোচনা হয়। সম্প্রতি পুরমন্ত্রী একটি পর্যালোচনা বৈঠক করেছেন বলেও জানান তিনি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে একটি যৌথ টিম গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। এই টিমে বিল্ডিং বিভাগ, সিইএসসি, দমকল এবং আলোকসজ্জা বিভাগের প্রতিনিধিরা থাকবেন। তাঁরা যৌথভাবে বিভিন্ন এলাকা পরিদর্শন করে কোথায় কোথায় বিপজ্জনক পরিস্থিতি রয়েছে তা চিহ্নিত করবেন।

জনপ্রতিনিধিদেরও এলাকার ঝুঁকিপূর্ণ স্থান বা বিদ্যুৎ সংক্রান্ত ত্রুটি নজরে এলে দ্রুত প্রশাসনকে জানানোর আহ্বান জানানো হয়েছে। কমিশনার জানান, আগামীকাল থেকেই যৌথ ভাবে কাজ করা শুরু হবে।

বিদ্যুৎ নিরাপত্তার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সিইএসসিকে অনুরোধ করা হয়েছে, যেখানে হাই ভোল্টেজ ফিডার রয়েছে, সেখানে বাংলা, হিন্দি ও ইংরেজি ভাষায় সুস্পষ্ট সতর্কতামূলক বোর্ড লাগানোর ব্যবস্থা করতে।

এ ছাড়াও, এই বৈঠকের মাধ্যমে জানানো হয়, আগামী তিন মাস ধরে কিশোরীদের মধ্যে সারভাইক্যাল ক্যান্সার প্রতিরোধী টিকা প্রদান কর্মসূচি চালানো হবে। জেলার বিভিন্ন এলাকায় এই কর্মসূচি বাস্তবায়নের জন্য স্বাস্থ্য দফতর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।


Share