Toll Tax Scam

জাল টোলের নথি দিয়ে ওভারলোড গাড়ি চলাচলে অনুমতি, বিপুল আর্থিক তছরুপের অভিযোগ, কলকাতা-সহ ১৪টি জায়গায় চলছে ইডির তল্লাশি

বুধবার সকালে এই মামলার তদন্তে শেক্সপিয়র সরণির একটি আবাসনের তিন তলায় একটি অফিসে ইডির আধিকারিকেরা তল্লাশি চালাচ্ছে।

টোল জালিয়াতি মামলায় কলকাতা-সহ দেশ জুড়ে ইডির তল্লাশি অভিযান।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫৩

জাল টোলের নথি ব‍্যবহার করে ওভারলোড লরির চলাচলের অভিযোগে কলকাতা-সহ দেশ জুড়ে ইডির তল্লাশি অভিযান শুরু হয়েছে। বুধবার সকালে এই মামলার তদন্তে শেক্সপিয়র সরণির একটি আবাসনের তিন তলায় একটি অফিসে ইডির আধিকারিকেরা তল্লাশি চালাচ্ছে। ইডি সূত্রের খবর, ফাস্ট‍ট‍্যাগের নথি জালিয়াতির করতে বিশেষ সফটওয়্যার ব্যবহার করা হয়েছিল। সেটার তদন্তেই কলকাতায় ইডির আধিকারিকেরা পৌঁছেছেন। কলকাতা ছাড়াও, দেশের ১৩টি জায়গায় ইডির তল্লাশি অভিযান চলছে বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, কলকাতা, মধ‍্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং রাজস্থানেরর বিভিন্ন জায়গায় ইডির তল্লাশি অভিযান শুরু হয়েছে। গত কয়েক মাস ধরে কানপুর-লখনউ হাইওয়ের নবাবগঞ্জের টোল প্লাজায় জাল নথি দিয়ে ওভারলোড গাড়ি পার করে দেওয়ার খবর উত্তরপ্রদেশের পরিবহণ দফতরের কাছে আসে। গত এপ্রিল মাসে দফতরের এনফোর্সমেন্ট শাখার আধিকারিকেরা সেখানে অভিযান চালান। একটি বালি বোঝাই ট্রাক আটক করেন। তা থেকেই গোটা কান্ডটি সামনে আসে।

অভিযোগ, জাল ফাস্টট‍্যাগের ম‍্যাপিং ব‍্যবহার করা করে ওই টোল প্লাজা দিয়ে সাড়ে ছ’হাজার গাড়ি পাশ করিয়ে দেওয়া হয়েছে। বেশিরভাগই বালি, পাথর এবং মোরামের গাড়ি ছিল। সবকটি গাড়িতেই নির্দিষ্ট ওজনের চেয়ে ১০ টন পর্যন্ত অতিরিক্ত মাল বোঝাই করা হয়েছিল। প্রতি টন ওজন বেশি হলে দু’হাজার টাকা জরিমানা করা হয়। এ ক্ষেত্রে ওই টোল প্লাজায় নথি জাল করে ৫০০ থেকে ৭০০ টাকা টোল কেটে গাড়িগুলি ছেড়ে দেওয়া হয়েছে। প্রতি গাড়িতে ২০ হাজার টাকা জরিমানা ফাঁকি দেওয়া হয়েছে। এর ফলে বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

জালিয়াতির অভিযোগে উত্তরপ্রদেশ পুলিশ মামলা রুজু করে। উত্তরপ্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স তদন্তে নেমে জানতে পারে সংখ‍্যাটা ৮০০ নয়। ছ’হাজার ৫০০টি ওভারলোড গাড়ির টোলে জালিয়াতি করে পার হয়েছে। বেশ কয়েক জন গ্রেফতার হয়। পরে এই মামলার প্রাথমিক খোঁজখবর নেওয়ার পরে ইডি ইসিআইআর দায়ের করেছে। ইডির অনুমান, টোল জালিয়াতি করে কয়েক হাজার কোটি টাকার অর্থিক তছরুপ করা হয়েছে। সেই টাকা প্রভাবশালীদের কাছে পৌঁছে গিয়েছে। বিদেশেও পাচার করা হয়েছে বলে তদন্তকারীরা মনে করছে। সেই মামলায় তদন্তেই ইডি বুধবার দেশ জুড়ে তল্লাশি চালাচ্ছে।


Share