Commercial Gas

হোটেল-রেস্তরাঁ ব্যবসায়ীদের বড় স্বস্তি! এক ধাক্কায় ২০৯ টাকা কমল ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি, কলকাতায় নতুন দাম দু'হাজার ৮৭২.৫০ টাকা

ফলে কলকাতায় নতুন দাম হল দু'হাজার ৮৭২ টাকা ৫০ পয়সা। শনিবার থেকেই কার্যকর হয়েছে এই নতুন মূল্য। টানা দ্বিতীয় মাস বাণিজ্যিক গ্যাসের দাম কমায় ব্যবসায়ীদের স্বস্তি আরও বাড়ল।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০১ আগস্ট ২০২৬ ১১:৪৭

হোটেল, রেস্তরাঁ ও ছোট খাবারের ব্যবসায়ীদের জন্য সুখবর। এক ধাক্কায় ২০৯ টাকা কমল ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম। ফলে কলকাতায় নতুন দাম হল দু'হাজার ৮৭২ টাকা ৫০ পয়সা। শনিবার থেকেই কার্যকর হয়েছে এই নতুন মূল্য। টানা দ্বিতীয় মাস বাণিজ্যিক গ্যাসের দাম কমায় ব্যবসায়ীদের স্বস্তি আরও বাড়ল।

একের পর এক মূল্যবৃদ্ধির জেরে একসময় ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে তিন হাজার ২৫৫.৫০ টাকায় পৌঁছেছিল, যদিও শুরুতে তা ২,০০০ টাকারও কম ছিল। তবে গত মাসে হরমুজ প্রণালীতে পরিস্থিতির উন্নতি হওয়ায় কেন্দ্র বাণিজ্যিক গ্যাসের দাম কমানোর সিদ্ধান্ত নেয়। সেই ধারাবাহিকতায় এ বার আরও ২০৯ টাকা কমল ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম। তবে গৃহস্থের ১৪.২ কেজির রান্নার গ্যাসের দামে কোনও পরিবর্তন হয়নি। ফলে কলকাতায় গৃহস্থের এলপিজি সিলিন্ডারের দাম আগের মতোই ৯৬৮ টাকা রইল।

প্রতি মাসের শুরুতেই রান্নার গ্যাসের নতুন দাম ঘোষণা করা হয়। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ওঠানামার উপরেই মূলত এই মূল্য নির্ধারণ করা হয়। কখনও দাম বাড়ে, আবার কখনও কমে।

কিছুদিন আগে হরমুজ প্রণালী ঘিরে অস্থিরতার জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম টানা ঊর্ধ্বমুখী ছিল। তবে বর্তমানে ভারত তেল আমদানির ক্ষেত্রে হরমুজ প্রণালীর উপর নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমিয়েছে। গত ৯০ দিনে দেশটি অপরিশোধিত তেল আমদানির উৎসে বৈচিত্র এনেছে। একদিকে যেমন তাৎক্ষণিক বাজার থেকে কেনাকাটা বাড়ানো হয়েছে, অন্যদিকে উপসাগরীয় দেশগুলির সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির উপর নির্ভরতাও কমানো হয়েছে। এ ছাড়া, ইরান ও আমেরিকার মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরের পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কিছুটা কমেছে। তারই ইতিবাচক প্রভাব এ বার দেশের এলপিজি গ্রাহকদের উপর পড়তে শুরু করেছে।

মূলত হোটেল, রেস্তরাঁ এবং বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার ব্যবহার করা হয়। গত কয়েক মাসে ধারাবাহিক মূল্যবৃদ্ধির জেরে হোটেল ও রেস্তরাঁ-সহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের পরিচালন খরচ বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। তবে টানা দু’মাস বাণিজ্যিক গ্যাসের দাম কমায় সেই উদ্বেগ কিছুটা হলেও প্রশমিত হয়েছে।


Share