Calcutta High Court

অভিষেকের বাড়ি ও লিপ্‌স অ্যান্ড বাউন্ডসে বেআইনি নির্মাণের অভিযোগ, ৭ দিনের মধ্যে বিস্তারিত রিপোর্ট চাইল কলকাতা হাই কোর্ট

আদালত স্পষ্ট করে জানায়, শুধুমাত্র অবৈধ নির্মাণের অভিযোগ জানালেই হবে না; অনুমোদিত পরিকল্পনার সঙ্গে বাস্তব নির্মাণের অমিল এবং বেআইনি অংশের পরিমাণও বিস্তারিতভাবে উল্লেখ করতে হবে।

কলকাতা হাই কোর্ট
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৪ জুন ২০২৬ ০৫:৫৯

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এবং লিপ্‌স অ্যান্ড বাউন্ডস সংস্থার সম্পত্তিতে বেআইনি নির্মাণের অভিযোগ সংক্রান্ত মামলায় কলকাতা পুরসভাকে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি স্মিতা দাস দে আগামী সাত দিনের মধ্যে সংশ্লিষ্ট সম্পত্তিগুলিতে কোথায় কোথায় নির্মাণগত বিচ্যুতি রয়েছে, অনুমোদিত নকশার বাইরে কতটা নির্মাণ হয়েছে এবং কোন অংশকে অবৈধ হিসেবে চিহ্নিত করা হয়েছে, তার বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

বুধবার মামলার শুনানিতে আদালত জানতে চায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ও লিপ্‌স অ্যান্ড বাউন্ডসের সম্পত্তিতে অভিযোগিত বেআইনি নির্মাণের সুনির্দিষ্ট অবস্থান ও পরিমাণ কত। আদালত স্পষ্ট করে জানায়, শুধুমাত্র অবৈধ নির্মাণের অভিযোগ জানালেই হবে না; অনুমোদিত পরিকল্পনার সঙ্গে বাস্তব নির্মাণের অমিল এবং বেআইনি অংশের পরিমাণও বিস্তারিতভাবে উল্লেখ করতে হবে।

পুরসভার পক্ষ থেকে আদালতে জানানো হয়, হরিশ মুখার্জি রোডের ‘শান্তিনিকেতন’, ১২১ কালীঘাট রোড, ১৮৮এ হরিশ মুখার্জি রোড এবং ২৯-সি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের সম্পত্তিতে অবৈধ নির্মাণ সংক্রান্ত নোটিস জারি করা হয়েছিল। তবে ২৯-সি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িটি সম্পূর্ণ বৈধভাবে নির্মিত বলে দাবি করে আদালতের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় ও মা লতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের দাবি, পুরসভার নোটিস যথাযথ নয় এবং তা খারিজ করা উচিত।

মামলার শুনানিতে আদালত পুরসভাকে নির্দিষ্ট তথ্য-সহ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে, রিপোর্ট জমা দেওয়ার সময়সীমার মধ্যে বেআইনি নির্মাণ সংক্রান্ত প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণে পুরসভার কোনও বাধা নেই। মামলার পরবর্তী শুনানি চার সপ্তাহ পরে হবে। এখন নজর পুরসভার রিপোর্টের দিকে, যা থেকে অভিযোগের ভিত্তি ও নির্মাণগত বিচ্যুতির প্রকৃত চিত্র স্পষ্ট হতে পারে। 


Share