BJP Leader Arrested

চুক্তির মেয়াদ শেষের পরেও ফ্ল্যাট দখল করে রাখার অভিযোগ, বলতে গেলে হুমকি, বৃদ্ধার অভিযোগের ভিত্তিতে বিজেপি নেতা গ্রেফতার

ধৃতের নাম বরুণ বিশ্বাস। বৃহস্পতিবার রাতে নিউ টাউনের ‘ইস্টার্ন হাই’ নামে একটি বহুতলে ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, ওই আবাসনে একটি ফ্ল্যাটে থাকতেন বিজেপি নেতা বরুণ বিশ্বাস।

ধৃতের নাম বরুণ বিশ্বাস।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৭ জুলাই ২০২৬ ১১:২৬

চুক্তি শেষের পরেও ফ্ল্যাট দখল করে রেখেছিলেন বিজেপি নেতা। উঠে যেতে বললে দেওয়া হয় হুমকি। এক বৃদ্ধার অভিযোগের ভিত্তিতে ওই বিজেপি নেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় ওই বিজেপি নেতাকে ডিম ছোড়া হয়।

ধৃতের নাম বরুণ বিশ্বাস। বৃহস্পতিবার রাতে নিউ টাউনের ‘ইস্টার্ন হাই’ নামে একটি বহুতলে ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, ওই আবাসনে একটি ফ্ল্যাটে থাকতেন বিজেপি নেতা বরুণ বিশ্বাস। গত ২০১৭ সালে তিনি ওই ফ্ল্যাটে থাকার জন্য মালিকের সঙ্গে চুক্তি করেছিলেন। বেশ কয়েক মাস আগে তাঁর ওই ফ্ল্যাটে থাকার মেয়াদ শেষ হয়ে যায়। বৃদ্ধা ফ্ল্যাটের মালিক তাঁকে উঠে যেতে বলে। কিন্তু বারবার বলার পরেও বিজেপি নেতা বরুণ সেখান থেকে ওঠেননি। উল্টে বৃদ্ধাকে হুমকি দিয়েছেন বলে অভিযোগ। 

এর পরেই গত ১১ জুলাই নিউ টাউন থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের তদন্তে নেমে পুলিশ ‘ইস্টার্ন হাই’ নামে ওই আবাসনের যায়। সেই সময় নীচের গ‍্যারেজে বসে ছিলেন। আদালতের নির্দেশে গ্রেফতারি পরোয়ানা দেখিয়ে বরুণকে নিয়ে যাওয়ার সময় পুলিশের সঙ্গে বচসা শুরু হয়। মিনিট খানেক বচসার পরেও তিনি সেচ্ছায় পুলিশের গাড়িতে উঠতে না চাইলে পাকড়াও করে নিয়ে যায় পুলিশ। 

বিজেপি নেতা বরুণ বিশ্বাসকে পাকড়াও করে নিয়ে যাওয়ার সময় তিনি কিছু বলতে চাননি। উল্টে জনরোষের মুখে পড়েন বরুণ। তাঁকে লক্ষ্য করে উত্তেজিত আবাসিকেরা ডিম ছোড়ে। এমনকী, চড়-ঘুষি মারা হয়। ওঠে ‘চোর চোর’ স্লোগান। বরুণের দাবি, বিষয়টি বিচারাধীন। তাই তিনি কিছু বলবেন না।

রাজ‍্যে পালাবদলের পরে রাজ‍্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল নেতারা গ্রেফতার হয়েছে। তোলাবাজি, জোরপূর্বক জমি দখল, ভোট পরবর্তী সন্ত্রাস-সহ নানাবিধ অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয়েছে। তাঁদের নিয়ে যাওয়ার সময় ডিম ছোড়া হয়। এটাই চেনা ছবি পশ্চিমবঙ্গের। কিন্তু উল্টোটা দেখা গেল নিউ টাউনে। বিজেপি নেতা বরুণ বিশ্বাসের ওপরে ডিম থেরাপি চলল।

রাজ্যে ক্ষমতায় আসার পরে গুন্ডামির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছে রাজ‍্য সরকার। দলমত নির্বিশেষে কোনও ভাবেই গুন্ডামি বরদাস্ত করা হবে না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি দিয়েছেন। বিজেপির শীর্ষ নেতারাও এই বিষয়ে নীতি স্পষ্ট করেছে। এমন কোনও ঘটনা ঘটলে যে কাউকে রেয়াত করা হবে না এই ঘটনা তা-ই ইঙ্গিত দিয়েছে বলে রাজনৈতিক মহল মনে করছে।


Share