Ajit Singh

প্লেব‍্যাক থেকে অবসর নেওয়ার পরে রাজনীতির ময়দানে নামতে পারেন অরিজিৎ সিংহ, তুঙ্গে জল্পনা

আরজি কর কাণ্ড নিয়ে সরব হয়েছিলেন তিনি। নিজের লেখা গানে সুর দিয়ে প্রকাশ করে প্রতিবাদ জানিয়েছিলেন। সেই গান নিয়ে স্পষ্ট ভাষায় দৃঢ়তার সঙ্গে নিজের অবস্থান ব্যক্ত করতে দেখা গিয়েছে তাঁকে।

অরিজিৎ সিংহ।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৬ ০৭:২৪

প্লেব‍্যাক থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা করেছেন অরিজিৎ সিংহ। এ বার রাজনীতির ময়দানে নামতে চলেছেন তারকা গায়কের। তবে বিদ্যমান কোনও রাজনৈতিক দলে নাম লেখাচ্ছেন না গায়ক। বরং অরিজিৎ নাকি নিজস্ব রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি শুরু করেছেন। একটি সংবাদমাধ্যমে এমন খবর প্রকাশিত হয়েছে। তাতেই তোলপাড় শুরু হয়েছে!

সংবাদমাধ্যমের ওই প্রতিবেদনে স্পষ্ট করে এ-ও বলা হয়েছে যে, রাজনৈতিক দলের ভবিষ্যৎ পরিকল্পনা এখনই ফাঁস করতে চাইছেন না অরিজিৎ। গায়কের ঘনিষ্ঠমহল থেকেই নাকি এমন খবর দেওয়া হয়েছে সর্বভারতীয় ওই সংবাদমাধ্যমের কাছে।

তাঁদের দাবি, প্লেব্যাক থেকে সরে এসে এ বার নিজস্ব মিউজিক কম্পোজের পাশাপাশি রাজনীতির পথে পা বাড়ানোর প্রক্রিয়া শুরু করেছেন জনপ্রিয় গায়ক অরিজিৎ সিংহ।

গুঞ্জনের 'রথ' এখানেই থামেনি! এ-ও শোনা যাচ্ছে যে, আগামীতে তিনি নাকি ভোটেও লড়বেন। সামনেই পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট। সেদিকেই কি ইঙ্গিত করা হচ্ছে? যদিও এই বিষয়ে 'স্পিকটি নট' শিল্পী!

অরিজিতের মধ্যে অবশ্য বরাবরই প্রতিবাদী সত্ত্বা বিদ্যমান। কখনও শিল্পীদের পারিশ্রমিক ছাঁটাই নিয়ে সরব হয়েছেন তিনি, তো কখনও বা আবার হিন্দি সিনেদুনিয়ার মিউজিক সংস্থাগুলির 'মাৎসান্যায়' প্রবৃত্তির বিরুদ্ধে গর্জে উঠেছেন।

আরজি কর কাণ্ড নিয়ে সরব হয়েছিলেন তিনি। নিজের লেখা গানে সুর দিয়ে প্রকাশ করে প্রতিবাদ জানিয়েছিলেন। সেই গান নিয়ে স্পষ্ট ভাষায় দৃঢ়তার সঙ্গে নিজের অবস্থান ব্যক্ত করতে দেখা গিয়েছে তাঁকে।

এমন নির্ভীক, প্রতিবাদী অরিজিৎ সিংহ কি তবে এ বার সত্যিই রাজনৈতিক ইনিংস শুরু করতে চলেছেন? তুঙ্গে উঠছে জল্পনা।


Share